ত্বকীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
শহরের চারার গোপ কুমুদিনী খালের পাড়ে গত ৮ মার্চ ত্বকীর লাশ পাওয়া যায়। এর কাছে ৫ নম্বর ঘাটসংলগ্ন রাস্তায় আগামী শুক্রবার বিকেল সাড়ে চারটায় সমাবেশ করা হবে। পরে সেখান থেকে মশাল নিয়ে আলোর মিছিল বের হয়ে যাবে চাষাঢ়া শহীদ মিনারে।
পরদিন শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ত্বকী হত্যায় রাষ্ট্রের উদাসিনতা গণতন্ত্রের অন্তরায়’ শিরোনামে দেশের বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদের সমন্বয়ে গোলটেবিল বৈঠক হবে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের একটি অংশের প্রশ্রয়ে হত্যাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ত্বকী মঞ্চ ৮ ও ৯ নভেম্বর দুই দিনের কর্মসূচি নিয়েছে।