ত্বকীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে শিখা প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্বকীর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও মামলার অভিযোগপত্র দেওয়ার দাবিতে গতকাল নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে l ছবি: প্রথম আলো
ত্বকীর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও মামলার অভিযোগপত্র দেওয়ার দাবিতে গতকাল নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের খুনি ও খুনের নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার রাতে মোমশিখা প্রজ্বালন করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের ২৮ মাস পূর্তিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল রাত আটটার দিকে ওই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়। এ সময় বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, জেলা খেলাঘরের সভাপতি রথিন চক্রবর্তী, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদ সমন্বয়ক নিখিল দাস, জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনি সুপান্থ। এ সময় বক্তারা ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ শহরের শায়েস্তা খান রোডের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদীসংলগ্ন কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।