ত্বকীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তানভীর মুহাম্মদ ত্বকীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশ হয়েছে। কদমরসুল মাঠে গতকাল শনিবার বিকেলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানকে ইঙ্গিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ত্বকীকে কারা খুন করেছে নারায়ণগঞ্জের লাখ লাখ মানুষ তা জানে। প্রশাসন খুনিদের চিহ্নিত করলেও কী কারণে তাদের গ্রেপ্তার করতে পারছে না তা বোধগম্য নয়।

সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন সংগঠনের সদস্যসচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, জেলা ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির প্রমুখ।

বাসা থেকে গত ৬ মার্চ বিকেলে বের হয়ে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।