মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য বলেছেন, ত্বকী সারা দেশের ন্যায়ের প্রতীক হয়ে উঠেছে। ত্বকী হত্যার বিচার না হওয়া মানে সারা দেশের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা। কোনো দিন অসত্যের বিজয় হয়নি, সত্যের জয় হয়েছে, নারায়ণগঞ্জেও হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরের ২ নম্বর রেলগেট এলাকায় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারী ও নির্দেশতাদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত গণসমাবেশে অতিথি হিসেবে বক্তব্যে পঙ্কজ ভট্টাচার্য্য এসব কথা বলেন।
নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ এম এম আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আইনজীবী মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি আইনজীবী এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল সুজন, জেলা খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী।
সমাবেশে এম এম আকাশ বলেন, ‘ওসমান পরিবার বিশিষ্ট পরিবার বলে ত্বকী হত্যার বিচার থেকে তারা মাফ পেয়ে যাবে? আমরা আশা করি, ত্বকীর খুনিরা দ্রুত গ্রেপ্তার হবে। তাদের বিচার হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ‘ত্বকী হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইতে হয় কেন? চাইতে হয়, কারণ এ দেশে আইন-আদালত, বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করে না। সরকার সুন্দরবন ধ্বংস করে একটি ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়ন করতে বেপরোয়া। দেশের স্বার্থবিরোধী ঋণ নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করতে কারও কথা শুনছে না। অথচ ত্বকী হত্যা, সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ব্যাপারে চুপ।’
ত্বকী মঞ্চের সদস্যসচীব কবি হালিম আজাদ বলেন, ত্বকীর হত্যাকারী আজমেরী ওসমানরা এখনো তৎপর। সে এখনো টর্চার সেল চালু রেখেছে। বিচার চাইতে গেলে ত্বকী হত্যাকারীরা বাধা ও হামলার চেষ্টা করছে। কিন্তু এসব করে ত্বকী হত্যার বিচার আটকে রাখা যাবে না।
কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ত্বকী হত্যাকাণ্ডের কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও মূল আসামি আজমেরী ওসমান গ্রেপ্তার হয়নি। নিজের জড়িত থাকার কথা¯স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়া আসামি আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভ্রমর জামিন নিয়ে দেশের বাইরে পালিয়ে গেছে। এমন হত্যাকাণ্ডের আসামি কীভাবে জামিন পায় এবং দেশের বাইরে পালিয়ে যায়?
ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ওসমান পরিবার সিন্দাবাদের ভূতের মতো নারায়ণগঞ্জবাসীর ওপর চেপে বসেছে। স্বাধীনতার পর থেকে তারা খুন, গুমের মাধ্যমে মানুষকে ভয়ে রেখে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা করছে। ত্বকী হত্যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে তদন্তকারী সংস্থা র্যাবের উচিত আজমেরী ওসমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। তখন জানা যাবে, আজমেরী কার নির্দেশে ত্বকীকে খুন করেছে।