নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকীর ১৮তম জন্মদিনে গতকাল শনিবার আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিল্পী কাইয়ুম চৌধুরী বলেছেন, মেধাবী ছাত্র ত্বকী একটি গোষ্ঠীর নৃশংসতার শিকার হয়েছে। ত্বকীর কোনো শত্রু ছিল না। ত্বকী ছিল তাঁর পরিবারের, এখন ত্বকী সমগ্র বাংলাদেশের। ত্বকীর মতো মেধাবী ছাত্রকে যারা খুন করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ত্বকী হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে আরও ত্বকী খুন হবে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ গতকাল বিকেলে শহরের শহীদ জিয়া হলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ত্বকীর ছবি ও কবিতাসংবলিত কার্ডের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগে ৩০০ শিশু শিক্ষার্থী অংশ নেয়। প্রতি বিভাগ থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে শিল্পী অশোক কর্মকার, জাহিদ মুস্তাফা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা খেলাঘরের সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জাহিদুল হক, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম ও ত্বকীর চাচা ওয়াহিদ রেজা বক্তৃতা করেন। ত্বকীর ছোট ভাই রাকিব মুহামঞ্চদ সাকীও অনুষ্ঠানে বক্তব্য দেয়।
অনুষ্ঠানটি শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে নির্ধারিত থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা নিকটবর্তী শহীদ জিয়া হলে স্থানান্তর করা হয়। এ অনুষ্ঠানের পর রাতে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন করা হয়।