ত্বকীর জন্মদিনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে খুন হওয়া মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর ২১তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ অক্টোবর ত্বকীর জন্মদিন সামনে রেখে তিনটি বিভাগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ, অষ্টম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগ এবং এইচএসসি ও স্নাতক পর্যন্ত ‘গ’ বিভাগ। রচনায় ‘ক’ বিভাগের বিষয় ‘আমার স্বপ্ন’ (২০০ শব্দের মধ্যে), ‘খ’ বিভাগের বিষয় ‘সুন্দরবন’ (৫০০ শব্দের মধ্যে), ‘গ’ বিভাগের বিষয় ‘কিশোর কবি ত্বকী হত্যা ও রাষ্ট্রের দায়’ (১০০০ শব্দের মধ্যে)।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভাগগুলো হলো শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগ এবং সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগ। চিত্রাঙ্কনে ‘ক’ বিভাগের বিষয় উন্মুক্ত, ‘খ’ বিভাগের ‘প্রকৃতি’ এবং ‘গ’ বিভাগের বিষয় ‘আজকের বাংলাদেশ’। চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত।
রচনা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর শেষ সময় ২৮ সেপ্টেম্বর ২০১৬। স্পষ্ট অক্ষরে খামের ওপরে নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর লিখে এর সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে পাঠাতে হবে।
লেখা ও চিত্রকর্ম পাঠানোর ঠিকানা: জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-১৬, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস কে রোড, নারায়ণগঞ্জ।