যারা ত্বকীকে হত্যা করেছে, তারা তার নাম শুনলেই আতঙ্কিত হয়ে ওঠে। ত্বকী নামটিকে ভয় পায়। মার্চ মাস এলেই খুনিরা নানা ফন্দি-ফিকির শুরু করে কীভাবে ত্বকী মঞ্চের কর্মসূচি আটকানো যায়।
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল রোববার এক শিশু সমাবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।
শহরের দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে বিকেলে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ আয়োজিত তিন দিনের অনুষ্ঠানের গতকাল ছিল শেষ দিন। শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। এর আগে সকালে বন্দর উপজেলার সিরাজশাহর আস্তানায় ত্বকীর কবর জিয়ারত করেন মেয়র, পরিবারের সদস্য এবং তার সহপাঠীরা।
মেয়র বলেন, ষড়যন্ত্র করে ত্বকী হত্যার বিচার আটকানোর চেষ্টা চলছে। এই ত্বকী মঞ্চ সন্ত্রাসীদের বিরুদ্ধে গোটা নারায়ণগঞ্জবাসীকে এক করেছে। যারা নিজ স্বজন হত্যার প্রতিবাদ করতে পারেননি, কথা বলতে পারেননি, তার আজ ত্বকী মঞ্চের হয়ে তাদের কথা বলে যাচ্ছেন।
আইভী বলেন, ‘ত্বকী হত্যার বিচারে আমরাও সহযাত্রী। যত দিন এই হত্যাকাণ্ডের বিচার না হবে তত দিন আমরা ত্বকীর পিতার পাশে থাকব। সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলব, শান্তির জন্য কথা বলব।’
ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের প্রধান শিল্প নির্দেশক জাহিদ মোস্তফা, ঢাকা চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম ও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ।
শিশির ভট্টাচার্য্য তার বক্তব্যে বলেন, ‘আজকে এই প্রতিযোগিতায় উপস্থিত শিশুরা যে যন্ত্রণা নিয়ে ছবি আঁকতে বসেছিল, তা শুধুই ত্বকীর জন্য। আজ কোনো শোকের দিন নয়। আজ আনন্দের দিন। ত্বকী এখন শক্তিতে পরিণত হয়েছে। আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তারাই একদিন মেধাবী শক্তিতে পরিণত হবে।’
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ৫০টি স্কুলের প্রায় তিন শ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ‘ক’ বিভাগে আটজন, ‘খ’ বিভাগে ছয়জন এবং ‘গ’ বিভাগে পাঁচজন বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেলিনা হায়াৎ আইভী।