ত্বকীর হত্যাকারীদের বিচার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকীর হত্যাকারীরা যে দলের হোক, যে বংশ বা গোষ্ঠীর হোক না কেন, তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কস কোস্টগার্ডের জন্য নির্মিত হারবার পেট্রোল বোট হস্তান্তর অনুষ্ঠানে গতকাল রোববার মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামের ফটিকছড়ি ও বাঁশখালী, চাঁপাইনবাবগঞ্জে আইনকে নিজের হাতে তুলে নিয়ে যারা আইন লঙ্ঘন করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে এবং যুদ্ধাপরাধীদের চলমান বিচার-প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্বকী হত্যাকাণ্ড জাতির জন্য একটি মর্মান্তিক ঘটনা এবং এর রহস্য উদ্ঘাটন করে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির বিধানের লক্ষ্যে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশকে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জে চলমান অস্থিরতা ও হানাহানির কারণে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না মানুষ। শীতলক্ষ্যা নদীর পানিতে শিল্পকারখানার বর্জ্যের পাশাপাশি একের পর এক লাশের কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বর্তমানে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অভিভাবকেরা তাঁদের সন্তানকে স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না। সেলিনা হায়াৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘নারায়ণগঞ্জের পুলিশ সুপার যথেষ্ট যোগ্য। আপনি নির্দেশ দিলে পাঁচ মিনিটের মধ্যে ত্বকী হত্যাকারী খুনিদের খুঁজে বের করে গ্রেপ্তার করা সম্ভব।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল সারোয়ার হোসেন, নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর খুরশিদ মালিক।সালেহ পাঁচ দিনের রিমান্ডে: তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া সালেহ রহমান ওরফে সীমান্তকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম ওই রিমান্ড মঞ্জুর করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি যে সাতজনের নাম পুলিশ সুপারকে লিখিতভাবে দিয়েছিলেন, সেখানে ৬ নম্বরে সালেহ রহমানের নাম রয়েছে।