ত্বকীসহ পাঁচটি হত্যার বিচারের আশায় স্বজনেরা


নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়ের পর ত্বকী হত্যাসহ জেলার আলোচিত পাঁচটি হত্যা মামলার বিচারের আশা দেখছেন স্বজনেরা। তাঁরা মনে করছেন, সরকারের সদিচ্ছা ছিল বলেই সাত খুনের ঘটনার দুই বছর নয় মাসের মাথায় বিচার সম্পন্ন হয়েছে। একইভাবে সরকার চাইলে এসব হত্যারও সুষ্ঠু তদন্ত ও বিচার সম্ভব।
অবশ্য এই পাঁচ মামলা সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখা গেছে, মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী ও ব্যবসায়ী ভুলু সাহা হত্যা মামলার বিষয়ে তদন্তকারী সংস্থাগুলো অনেক দিন ধরেই নিষ্ক্রিয়। কবে নাগাদ তদন্ত শেষ হতে পারে, সে বিষয়েও কেউ কিছু বলতে পারছেন না। অপর তিনটি মামলা—সংস্কৃতিকর্মী দিদারুল আলম (চঞ্চল), ব্যবসায়ী আশিক ইসলাম ও ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম (মিঠু) হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হলেও তাতে প্রকৃত আসামিদের নাম আসেনি বলে অভিযোগ বাদীদের। এ জন্য তিন মামলায়ই বাদী আদালতে নারাজি দিয়েছেন। এরপর সেভাবেই পড়ে রয়েছে মামলা তিনটি।
নিহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, এই পাঁচ হত্যার সঙ্গেই জেলার প্রভাবশালী ও বিতর্কিত পরিবারের কোনো না কোনো সদস্যের নাম আসায় মামলার তদন্ত ঠিকভাবে হয়নি। সাত খুনের মামলার রায়ের পর পরিবারগুলো এখন সরকারের দিকে চেয়ে আছে। তাদের আশা, তাদের স্বজন হত্যার মামলাগুলো নতুন করে সুষ্ঠু তদন্তের উদ্যোগ নেবে সরকার।
ত্বকীর বাবা রফিউর রাব্বী গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর ছেলেকে অপহরণ করে হত্যার ঘটনায় ওসমান পরিবারের সন্তান আজমেরী ওসমান জড়িত রয়েছেন বলে তথ্য রয়েছে। ত্বকী হত্যার ঘটনায় তদন্তের পর অনেক আগে র্যাব একটি খসড়া অভিযোগপত্র তৈরি করেছিল, তাতে আজমেরী ওসমানকে প্রধান আসামি বলা হয়েছে।
২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে নারায়ণগঞ্জে নিজ বাসার কাছ থেকে অপহরণ করা হয়। ৮ মার্চ তার লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে। উচ্চ আদালত র্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব দেন। ২০১৪ সালে ত্বকী হত্যার এক বছর পূর্ণ হওয়ার দিনে র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) জিয়াউল আহসান বলেছিলেন, শিগগিরই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হয়নি।


ত্বকী হত্যার তদন্তে আজমেরী ওসমান ও তাঁর ১০ সহযোগীর সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে ২০১৪ সালে র্যাবের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে জানা গিয়েছিল। কিন্তু পরে একপর্যায়ে তদন্ত স্থবির হয়ে যায়। প্রসঙ্গত, আজমেরীর বাবা প্রয়াত সাংসদ নাসিম ওসমান। আর তাঁর দুই চাচা শামীম ওসমান ও সেলিম ওসমান এখন নারায়ণগঞ্জের দুটি আসনের সাংসদ।
মামলাটির বিষয়ে জানতে চাইলে র্যাব-১১-এর একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, মামলাটি র্যাব সদর দপ্তর থেকে দেখভাল করা হতো। সেখান থেকে সর্বশেষ অবস্থা জানতে হবে। এরপর র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদের মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
অন্য চারটি হত্যা মামলার মধ্যে চঞ্চল হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেওয়ার পর মামলাটি ঝুলে আছে। চঞ্চলের বড় ভাই পমেল গতকাল প্রথম আলোকে বলেন, ‘জানি না এই মামলার বিচার পাব কি না। কিন্তু ভাইয়ের হত্যার বিচার চাই। আশা রাখতে চাই।’
ভুলু সাহা হত্যার তদন্তের সর্বশেষ অবস্থা জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ২০১২ সালে ভুলু সাহাকে হত্যা করা হয়। তখন তিনি এই থানায় ছিলেন না। তাই নথি না দেখে মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বলতে পারছেন না। তবে সদর থানার অপর এক কর্মকর্তা জানান, ভুলু হত্যার তদন্তেও তেমন অগ্রগতি নেই।

জানতে চাইলে নারায়ণগঞ্জে আদালত পরিদর্শক সোহেল হোসেন বলেন, মিঠু হত্যা মামলার বাদী তাঁর বাবা মারা গেছেন। মা-ও মারা গেছেন। ফলে বলা যায়, মামলাটি চালানোর মতো কেউ নেই। আর চঞ্চল ও আশিক হত্যার নারাজি আদালতে শুনানির অপেক্ষায় আছে। ফলে নারাজির বিষয়ে আদালতের কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বীর মতে, কেবল প্রধানমন্ত্রী যদি চান, তাহলেই এসব হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া সম্ভব। ভুক্তভোগী পরিবারগুলো বিচার পাওয়ায় আশায় আছে।