রাজধানীর প্রবেশপথসহ বিভিন্ন জায়গায় তল্লাশিতে বিরক্ত সৈয়দ তাহসিনুল হক। গতকাল সোমবার গুলশান-২ নম্বর মোড়ে একটি চায়ের দোকানে বসে বনরুটি খেতে খেতে নিজের ক্ষোভ ঝাড়ছিলেন তিনি। ‘বউ-সন্তানের মুখে ভাত জোগাতে বাইরে বের হয়ে আমরা সাধারণ মানুষই আগুনে পুড়ে মরি। ককটেলে হাত-পা উড়ে যায়। আবার হয়রানির শিকারও আমরাই হই।’
গুলশানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। থাকেন শনির আখড়ায়। গত দুদিন গণপরিবহনের অভাব, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তল্লাশি ও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মীদের হয়রানিতে বিরক্ত তিনি। পাশে বসা ছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশফাকুর রহমান। সাধারণ মানুষের নিরাপত্তার অভাবের কথা উল্লেখ করে প্রধান দুই দলের প্রতি ক্ষোভ ঝাড়লেন তিনি।
দুপুর সাড়ে ১২টা। রামপুরা বাজার। ফুটপাতের ওপরই চা-পানের অস্থায়ী দোকান তাঁর। শুক্রবার সন্ধ্যাতেই পুলিশ এসে দোকান বন্ধ করে দিতে বলে। সেই থেকে দোকান বন্ধ। বন্ধ দোকান পাহারা দিচ্ছিলেন তিনি। সোহেল বলেন, ‘পেটের দায়ে বিরোধী দলের অবরোধ মানি নাই। কিন্তু সরকারে যখন বন্ধ রাখতে কইছে, তখন বন্ধ করছি। কিন্তু বাসায় বাজার নাই। মায় অসুস্থ। এখন দোকানে যদি আগুন লাগায় দেয়, সে ভয়ে পাহারা দিতাছি।’
দুপুর আড়াইটা। কাকরাইল মোড়ে পুলিশের তল্লাশিতে নিজের ব্যাগ রেখে হাঁটা ধরেন তাশফিয়া রহমান। মিরপুর থেকে যাচ্ছেন কেরানীগঞ্জে বোনের বাসায়। তিনি জানান, মিরপুর থেকে কাকরাইল পর্যন্ত দুই দফায় রিকশা পাল্টিয়েছেন। এখন রাজমণি সিনেমা হলের সামনে পুলিশ তল্লাশির নামে ব্যাগ থেকে কাঁথা বের করে মাটিতে ফেলে দিয়েছে। এসব ময়লা কাঁথা কীভাবে বোনের সদ্যোজাত বাচ্চাকে দেবেন? জানান, পুলিশকে জানানো সত্ত্বেও তারা ইচ্ছে করেই এ কাজ করেছে।
বেলা সাড়ে তিনটা। ধানমন্ডি রবীন্দ্রসরোবর। রাজনৈতিক কর্মসূচিতে ক্লাস না হলেও সেমিস্টার ফাইনাল পরীক্ষা ঘাড়ের ওপরে। তাই একসঙ্গে পড়তে বসেছেন রুচি, তানহা, মারুফ, সিদ্ধার্থ, পাপন, শামীম, নিউটন। তাঁরা ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু চা খেতে খেতে আলোচনা চলছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। ‘একজন ক্ষমতায় গিয়ে স্বেচ্ছাচারী মনোভাব দেখাচ্ছেন, আরেকজন প্রতিহিংসার প্রতিমূর্তি সেজে যুদ্ধাপরাধীর কাঁধে ভর করে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন।’ মারুফের এমন বক্তব্যে সহমত জানালেন রুচি, ‘কেন প্রথম আলোতে প্রার্থীদের হলফনামা দেখিস নাই। সবাই মৎস্যজীবী। মাছ চাষ করে ধনী হয়েছে।’