রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ হত্যাকাণ্ডকে চরম নিষ্ঠুরতা ও নির্মমতার প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন আদালত। এ ধরনের হত্যাকাণ্ড মানবতাবিরোধী। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের রায়ের পর্যবেক্ষণে এসব কথা বলেছেন আদালত। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক বিশ্বজিৎ হত্যার দায়ে আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালত তাঁর এসব পর্যবেক্ষণের কথা তুলে ধরেন।
আদালত বলেছেন, এই হত্যাকাণ্ড অন্য আট-দশটি হত্যাকাণ্ডের মতো নয়। প্রকাশ্য দিবালোকে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
হরতাল-অবরোধ কর্মসূচি এবং এর প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং প্রাণহানি বিষয়ে আদালত তাঁর পর্যবেক্ষণ দিয়েছেন। আদালত বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে। না হলে নিকট ভবিষ্যতে এ ধরনের ঘটনা মহামারির মতো ঘটতে পারে।

গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নির্মমভাবে পেটান ও কোপান। বাঁচার জন্য দৌড় দিলে তিনি শাঁখারীবাজারের রাস্তার মুখে পড়ে যান। রিকশাচালক রিপন তাঁকে রিকশায় তুলে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সক বিশ্বজিেক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বিশ্বজিৎ লক্ষ্মীবাজারের বাসা থেকে শাঁখারীবাজারে নিজের দরজির দোকানে যাচ্ছিলেন।