ত্যাগী নেতাদের মনোনয়ন দাবিতে সড়ক অবরোধ
নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচনে ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সোমবার জলঢাকা শহরের জিরো পয়েন্টের মূল সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
গতকাল বেলা তিনটায় আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরের জিরো পয়েন্টের মূল সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় জলঢাকা থেকে ডোমার, ডিমলা, ডালিয়া এবং রংপুরের যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
তাঁরা অভিযোগ করেন, পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়নের জন্য ছয়জনের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। ওই ছয়জনের মধ্যে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী পৌরসভার বর্তমান মেয়র ইলিয়াছ হোসেনের নামও রয়েছে। সদ্য যোগদানকারী ওই ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে দলের ভরাডুবি হবে বলে দাবি করেন তাঁরা। এ সময় ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
অবরোধ চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন মনোনয়নপ্রত্যাশী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ, আওয়ামী লীগ নেতা ও ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এ কে আজাদ প্রমুখ।
এ ব্যাপারে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন বলেন, এখান থেকে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য ছয়জন প্রার্থীর নাম পাঠানো হয়েছে। মনোনয়নপ্রত্যাশী ত্যাগী নেতারা দলে সদ্য যোগদানকারী ইলিয়াস হোসেনের নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন। পরে তাঁদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করতে বললে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন।
দলীয় স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, বর্তমান মেয়র ইলিয়াস হোসেন জাতীয় পার্টির জলঢাকা উপজেলার সহসভাপতি ছিলেন। তিনি গত ২৪ নভেম্বর রাতে কৃষক লীগে যোগ দেন। এরপরই তাঁর নাম তালিকায় যুক্ত করে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠানো হলো।