ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহার জামাতে সমবেত হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গত সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে তোলা ছবি l প্রথম আলো
পবিত্র ঈদুল আজহার জামাতে সমবেত হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গত সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে তোলা ছবি l প্রথম আলো

যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের আনন্দে উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মহান আল্লাহর অনুগ্রহ লাভের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ১০ জিলহজ সোমবার অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপন করেন।
গতকাল বুধবার থেকে অফিস-আদালত খোলা থাকায় মানুষ ঈদ উদ্যাপন শেষে গত মঙ্গলবার থেকেই কর্মস্থলের উদ্দেশে ঘর ছাড়তে শুরু করেছেন। তবে মঙ্গলবারের তুলনায় গতকাল রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে ভিড় বেশি দেখা গেছে।
দেশের কোটি কোটি মুসলমান ঈদুল আজহার দিন সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করেন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এককাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন।
ঈদের দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায়। বেলা ১১টা পর্যন্ত এই মসজিদে মোট পাঁচ দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শুরু হয় সকাল সাড়ে আটটায়। মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকদের অনেকে এবং সর্বস্তরের জনগণ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশের অব্যাহত শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম মসজিদ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদ ও মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ ছাড়া সারা দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
নামাজ শেষে মুসলমান সম্প্রদায় হজরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের ভেতরের পশুত্বকে পরিহার ও আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে। হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে জিলহজ মাসের ১০ তারিখে কোরবানি দেওয়া হলেও ঈদের পর দুই দিন, অর্থাৎ জিলহজ মাসের ১১ ও ১২ তারিখেও পশু কোরবানির ধর্মীয় বিধান রয়েছে।
ঈদের দিন পশু কোরবানির আগে অনেকেই নামাজ শেষে কবরস্থানে গিয়ে স্বজনের কবর জিয়ারত করেন। অশ্রুসিক্ত হয়ে চিরকালের জন্য চলে যাওয়া স্বজনের আত্মার শান্তি কামনা করে আল্লাহর দরবারে করজোড়ে মোনাজাত করেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোয় জাতীয় পতাকা উত্তোলন, কলেমা ও ঈদ মোবারকখচিত পতাকা উত্তোলন করা হয়। ঈদের দিন দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশুসদন, ছোটমণিনিবাস, সামাজিক প্রতিবন্ধীকেন্দ্র ও সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য যাত্রাপথের সব ধরনের ভোগান্তি উপেক্ষা করে গত শুক্রবার থেকে ঢাকার মানুষ ঘরে ফিরতে শুরু করেছিলেন। ঈদের আগের দিন রোববার পর্যন্ত ঘরে ফেরা অব্যাহত ছিল। যে কারণে শুক্র, শনি ও রোববার ঢাকা শহরের সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। ভিড় ছিল শুধু পশুর হাট, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে। মানুষ ফিরতে শুরু করলেও সোমবার, মঙ্গলবার ও গতকাল বুধবার পর্যন্ত ঢাকার সড়কগুলো ছিল প্রায় ফাঁকা।