
ত্যাগের মহিমায় উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। গত শুক্রবার ঈদের দিন সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উদ্যাপন শুরু হয়।
নামাজ আদায় শেষে আত্মত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মানুষ। নগরের বিভিন্ন অলিগলি, রাস্তা, মাঠ ও বাসাবাড়ির সামনে পশু কোরবানি দেওয়া শুরু হয়।
চট্টগ্রামে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। সকাল আটটায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। একই স্থানে দ্বিতীয় জামাত হয় সকাল নয়টায়। এখানে প্রথম ঈদের জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব মাওলানা জালালউদ্দিন আল কাদেরি। রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, শিল্পপতিসহ নগরের বিভিন্ন স্থান থেকে আসা হাজার মুসল্লির সমাগম ঘটে জমিয়াতুল ফালাহ মসজিদের ঈদের জামাতে। চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ মঈনউদ্দিন খান বাদল, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সোলায়মান আলম শেঠ প্রমুখ জামাতে অংশ নেন।
চট্টগ্রামে এবার সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২৪৭টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।