ত্রাণ আত্মসাৎ, দুজনের ৪২ বছর করে কারাদণ্ড
জাপান, যুক্তরাজ্য ও বেলজিয়াম থেকে ২৮ বছর আগে প্রাকৃতিক দুর্যোগের সাহায্যে আসা টিন আত্মসাতের দুর্নীতির ছয় মামলায় দুজনকে সাত বছর করে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সাবেক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বিপ্লব কুমার শর্মা এবং নগরের হালিশহরের ত্রাণ গুদামের সাবেক নিম্নমান সহকারী জয়নাল আবেদীন। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা পলাতক রয়েছেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, রায়ের আদেশে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় মামলায় প্রত্যেককে সাত বছর করে ৪২ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন আদালত। একই সঙ্গে আসামিদের আত্মসাৎ করা ৩ কোটি ৪১ লাখ টাকা রাষ্ট্রীয় পাওনা হিসেবে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা কালেক্টরকে নির্দেশ দেন।
দুদক আইনজীবী জানান, ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এমভি জানিকা, এমভি বাংলার গৌরব, এমভি স্টেট অব অন্ধ্র প্রদেশ, নেপচুন আইওলিটি, এমভি বাংলার শোভাসহ ছয়টি জাহাজে করে ত্রাণ হিসেবে জাপান, যুক্তরাজ্য ও বেলজিয়াম থেকে ৪ হাজার ১৭০ মেট্রিক টন সিআই সিট (টিন) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে নগরের হালিশহরে ত্রাণ গুদামে নিয়ে যাওয়া হয়। আসামিরা যোগসাজশ করে সংখ্যায় কম দেখিয়ে গুদাম থেকে ৩ কোটি ৪১ লাখ টাকার টিন আত্মসাৎ করেন। অনুসন্ধানে সত্যতা পাওয়ার পর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক মোল্লা মো. নুরুল ইসলাম বাদী হয়ে নগরের পাহাড়তলী থানায় পৃথক ছয়টি মামলা করেন। মামলায় দণ্ডাদেশ পাওয়া দুই আসামি ছাড়া আরও তিনজনকে আসামি করা হয়। তদন্ত শেষে ছয় মামলায় ২০০২ সালের ১৮ আগস্ট পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। প্রত্যেক মামলায় ৮ থেকে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেন আদালত।