ত্রাণ কর্মকর্তার অপেক্ষায় বন্যাদুর্গতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণের আশায় জামালপুরের ইসলামপুর উপজেলার ডেবরাইপ্যাঁচ মোড়ে জড়ো হয়েছেন শত শত বন্যার্ত মানুষ। এসেছেন বয়সে ভারাক্রান্ত আশফুল বিবিও। দীর্ঘ অপেক্ষার ক্লান্তি আর খিদের কষ্টে কাঁদছেন এই নারী l সাহাদাত পারভেজ
ত্রাণের আশায় জামালপুরের ইসলামপুর উপজেলার ডেবরাইপ্যাঁচ মোড়ে জড়ো হয়েছেন শত শত বন্যার্ত মানুষ। এসেছেন বয়সে ভারাক্রান্ত আশফুল বিবিও। দীর্ঘ অপেক্ষার ক্লান্তি আর খিদের কষ্টে কাঁদছেন এই নারী l সাহাদাত পারভেজ

দুই হাতে দুটি লাঠির ওপর ভর করে চলেন আশফুল বিবি। বয়স ৮০ পেরিয়েছে। জীর্ণ হাতে লাঠি ধরতে কষ্ট হয় বলে দুটি লাঠিতেই কাপড় বাঁধা। আশফুল বিবির বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ গ্রামে। 
ত্রাণ দেওয়ার জন্য ‘নাম লেখা’ হবে, এমন খবর পেয়ে আরও অনেকের সঙ্গে আশফুল বিবিও ছুটে এসেছেন। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও সরকারি কোনো ‘অফিসারের’ দেখা পাননি তিনি।
গতকাল বুধবার বেলা একটার দিকে কথা হয় আশফুল বিবির সঙ্গে। চিনাডুলির ডেবরাইপ্যঁাচ গ্রামের প্রাথমিক বিদ্যালয় মোড়ে প্রখর রোদের মধ্যেও তখন অন্তত ৫০০ নারী-পুরুষ অপেক্ষা ছিলেন নাম নিবন্ধন করার জন্য। তাঁদের অনেকেই আশপাশের গ্রাম থেকে সেই সকালে এসেেছন। আগের দিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়েছে এখানে হাজির হতে। বৃহস্পতিবার (আজ) এখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী আসবেন। তাই ‘নাম লেখাতে’ হবে।
রোদে-গরমে কাহিল আশফুল বিবি বলেন, ‘স্লিপের জন্য এক মাইল দূর থেইকা সাতটার সময় পায়ে হাঁইটা আইছি। বড় কষ্ট। নাম লেখাইব কবে?’ তিনি জানান, আগস্টের মাঝামাঝি ঘরে গলাসমান পানি ছিল। গত দুদিন হয় ‘বানের পানি টান’ দিয়েছে। বাড়ি ছেড়ে পাশের শিংভাঙা গ্রামের উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে রাস্তার ওপরই অন্য বানভািসদের সঙ্গে ছাপরা ঘরে রোদ আর বৃষ্টিতে বািক দিনগুলো কাটিয়েছেন।
বেলা দেড়টার দিকে হঠাৎ মাইকিং। আওয়ামী লীগের এক কর্মী রিকশা থেকে ঘোষণা করছেন, ‘মা-বইনেরা সুখবর, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় এইখানে মন্ত্রী আসবেন আপনাদের দেখতে। আপনারা সবাই থাইকেন। এখন চইলা যান।’
চিতাপাড়ার রহিমা বেগম করলেন, ‘আইজ তাইলে কী অইব! আইজ নাম লেখাইব না? দুপুর দুইটা পর্যন্ত নাম লেখাতে কাউকে পাওয়া যায়নি।’
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমুর রহমান বলেন, ত্রাণের জন্য নাম লেখাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা ওই ঘোষণা দেন। তবে তিনি বলেন, বেলা তিনটার দিকে সবার নাম সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, এক দিন একটি ইউনিয়নে ৫০ টন করে চাল দেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় জামালপুরের মধ্যে ইসলামপুর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা সদরসহ ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যাদুর্গত মানুষ বলছেন, তাঁরা ক্ষতিগ্রস্ত হলেও পর্যাপ্ত ত্রাণ পাননি। অনেকে বলেছেন, গত ১৫ দিনেও তাঁরা ত্রাণ পাননি।
তবে জেলার সরকারি হিসাবে বলা হচ্ছে, বন্যাদুর্গত সব এলাকায় ত্রাণ পৌঁছে গেছে আগেই। গতকাল পর্যন্ত জেলায় ৩৪০ মেট্রিক টন চাল বিতরণ ও নগদ নয় লাখ টাকা বিতরণ করা হয়েছে। কিন্তু গত দুই দিনে বন্যাদুর্গত অন্তত পাঁচটি গ্রাম ঘুরে এর তেমন সত্যতা পাওয়া যায়নি। ডেবরাইপ্যাচ মোড়ের কয়েকজন দোকািন জানান, ১৯ দিন ধরে মানুষ বন্যার কারণে কষ্টে আছে। এর মধ্যে তিন দিন কিছু ত্রাণ নিয়ে এসেছেন জনপ্রতিনিধির লোকেরা। চার-পাঁচ ঠোঙা বিলি করে চলে গেছেন।
উপজেলার চিনাডুলি, পার্থশী, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া, সাপধরী, গোয়ালেরচর, চরগোয়ালিনী, গাইবান্ধা, চরপুটিমারী, পলবান্ধা—সব ইউনিয়নে ত্রাণের জন্য হাহাকার। বেশির ভাগ বন্যাকবলিত মানুষ বলছেন, ত্রাণের দেখা পাননি।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান অবশ্য ত্রাণ নিয়ে মানুষের এই অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে জন প্রতিনিধিরা যতটা চাহিদা জানিয়েছেন, সে অনুযায়ী ত্রাণ সরবরাহ করা হয়েছে।
এদিকে ত্রাণের জন্য চারদিকে হাহাকার চললেও থেমে নেই অপতৎরতা। গত সোমবার ত্রাণের এক টন চাল ইসলামপুর সদর ইউনিয়ন এলাকায় কালোবাজারীর কাছে বিক্রি হওয়ার অভিযোগ ওঠে। সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর লোকেরা ওই চাল বিক্রি করছিল, এমন অভিযোগ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জেলা প্রশাসক গতকাল বলেন, ১০ কেজির স্থলে তিন কেজি করে কম চাল দেওয়ার অভিযোগ পেয়েছিলাম; যা আগে কালোবাজারি বলা হয়েছিল।
দুর্গত মানুষের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে বলা হয়েছে, বন্যাদুর্গত এলাকায় ৭৮টি চিকিৎসা দল কাজ করছে। খাবার স্যালাইন দেওয়া হয়েছে দুই লাখ প্যাকেট। পানি বিশুদ্ধ করার বড়ি সরবরাহ করা হয়েছে এক লাখ ১২ হাজারটি। এ নিয়ে চিনাডুলির পশ্চিম ও দক্ষিণ বামনা, ডেবরাইপ্যাচ, আমতলী, খেঁজুরতরী গ্রাম, নোয়ারপারার নতুন পাড়া, উলিয়া, হাড়গিলা এলাকার বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, কোনো চিকিৎসা দলকে তাঁরা এখনো দেখেননি। ডেবরাইপ্যাচ টেকনিকেল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবির প্রথম আলোকে বলেন, ‘কোনো মেডিকেল টিম দেখিনি। তবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের একজন ডাক্তারকে চিকিৎসা দিতে দেখেছি।’
এ বিষয়ে গতকাল জেলা সিভিল সার্জনের হাফিজুর রহমানের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।