ত্রাণ দিতে লোকসমাগম করা যাবে না: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

ত্রাণ দিতে গিয়ে লোকসমাগম না করার নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। আজ শনিবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সোহেল রানা এক ভিডিও বার্তায় এই নির্দেশনার কথা জানান।


সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) সোহেল রানা বলেন, সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে বা সেবা দিতে গিয়ে অনেকেই অনিচ্ছা স্বত্বেও অনাকাঙ্ক্ষিতভাবে লোকসমাগম করে ফেলছেন। যেটি বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ বিষয়। ত্রাণ বিতরণ কর্মসূচির আগে পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে।

যারা ব্যক্তিগত, গোষ্ঠীগত ও দলীয়ভাবে ত্রাণ বিতরণ বা সেবা দিচ্ছেন তাঁদের সবার ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে বলেও জানান সোহেল রানা।


উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনগণকে বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে খেটে খাওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। তাঁদের জন্য সরকারের তরফ থেকে ত্রাণ বিতরণের চেষ্টা চলছে। ব্যক্তি উদ্যোগেও ত্রাণ দেওয়া হচ্ছে কোথাও কোথাও। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণে বহু মানুষ জড়ো হচ্ছেন এবং সামাজিক দূরত্ব রাখা সম্ভব হচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে আজ পুলিশ সদর দপ্তর এই নির্দেশনা জারি করল।