ত্রাণ দিলেন হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। গতকাল বুধবার বেলা ১১টায় আমতলী সদর ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাটের ইউপি কমপ্লেক্সে ২৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে তিনি ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন, বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ, কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক সাংসদ লাইলী বেগম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বিষক্রিয়া

নাইট্রোজেনজনিত বিষক্রিয়ায় ফরিদপুরের সালথা উপজেলা যদুনন্দী ইউনিয়ন খারদিয়া গ্রামে গত সোমবার থেকে গতকাল বুধবার পর্যন্ত ১১টি গরু মারা গেছে। গ্রামবাসী জানিয়েছেন, গরুকে ঘাস ও খড় খাওয়ানোর পর কাঁপুনি দিয়ে মাটিতে পড়ে গিয়ে আধা ঘণ্টার মধ্যেই মারা যায়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, জমিতে দেওয়া ইউরিয়া সারের প্রভাবে বর্ষা মৌসুমে ছোট্ট ছোট্ট ঘাস হয়। এ ঘাস খাওয়ার পর নাইট্রোজেনজনিত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গরুগুলো মারা গেছে। ফরিদপুর অফিস।

হাতিয়ায় ডাকাতি

নোয়াখালীর হাতিয়া উপজেলার চর আমানউল্যা গ্রামের একটি বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাহের উদ্দিনসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি মুঠোফোনে প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। ভুক্তভোগী অনুপম দাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে এক ডাকাত সিঁদ কেটে তাঁদের ঘরে প্রবেশ করে। এরপর ঘরের দরজা খুলে দিলে ওই ডাকাতসহ মুখোশ পরা আরও পাঁচ ডাকাত ঘরে ঢুকে। এরপর ডাকাতেরা তাঁর মাকে দা দিয়ে আঘাত করে। এ সময় চিৎকার দিলে ডাকাতেরা তাঁকে ও তাঁর বোনকে দা ও লাঠি দিয়ে আঘাত করে। তাঁর দাবি,
ডাকাতেরা নগদ ১৪ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার  লুটে নিয়ে গেছে। হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।

রগ কর্তন

জমি নিয়ে বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জে এক ভাতিজা তাঁর চাচাকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শমসেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামের রফিক মিয়ার সঙ্গে তাঁর ছোট ভাই আনোয়ার হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় রফিক মিয়ার ছেলে রুবেল মিয়া ও তাঁর সহযোগীরা আনোয়ার হোসেনকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। এরপর রুবেল তাঁর চাচা আনোয়ারের পায়ের রগ কেটে দেন।   কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

দণ্ড-জরিমানা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ও জুয়ার আসর থেকে আটজনকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ রেজাউল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জুয়া খেলার অপরাধে সামছুল ইসলাম (৩০), মজিবুর রহমান (৪২) ও নজরুল ইসলামকে (৩৮) ১২ দিন করে বিনা শ্রম কারাদণ্ড দেন। মাদক সেবনের দায়ে রায়হান চৌধুরী (২০), সুমন মিয়া (২৫), শহিদুল ইসলাম (২০), জহির উদ্দিন (৩০), বাদল মিয়াকে (২০) তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।