ত্রাণ দিয়ে ফেরার পথে নাজেহাল ৯ আদিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে গতকাল শুক্রবার একদল বাঙালি নয়জন বিশিষ্ট আদিবাসীকে দুই ঘণ্টার বেশি গাড়িতে অবরোধ করে আটকে রাখে। তাঁরা গত ১৯ ও ২০ ফেব্রুয়ারির আদিবাসী-বাঙালি সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণের পর ফিরছিলেন।জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান আনন্দ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রমধেন্দু চাকমা জানান, প্রশাসনের অনুমতি নিয়ে কমিটির পক্ষ থেকে বাঘাইহাটের গঙ্গারামমুখে আদিবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। সেখান থেকে রাঙামাটি ফিরে আসার পথে বাঘাইহাট বাজারে তাঁদের বহনকারী মাইক্রোবাসটি বাঙালিরা অবরোধ করে। তারা মাইক্রোবাসের চাবি কেড়ে নেয়। রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরূপা দেওয়ান জানান, বেলা একটা থেকে প্রায় সোয়া দুই ঘণ্টা পর্যন্ত তাঁদের মাইক্রোবাস আটকে রাখা হয়। পরে সেনাবাহিনী ও প্রশাসনের সহায়তায় তাঁদের ছাড়া হয়।এ ব্যাপারে বাঘাইহাট বাজার কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন মুঠোফোনে বলেন, তাঁরা বিতরণ করা ত্রাণগুলো সরকারি বলে মনে করেছিলেন। তাই শুধু আদিবাসীদের ত্রাণ দেওয়ার প্রতিবাদে কয়েকজন বাঙালি এ কাজ করে।