ত্রাণ নিয়ে রাজনীতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যার্তদের একাংশ আওয়ামী লীগের ত্রাণ বর্জন করেছে। গত রবি ও সোমবার ত্রাণ দিতে গেলে দুই দিনই তা বর্জন করা হয়।
বন্যার্তরা বলেছেন, সম্প্রতি বহিষ্কৃত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ত্রাণ না দিলে তাঁরা নেবেন না।
বিষয়টি কাজী মজিবুর রহমানের নাটক বলে অভিহিত করেছে তাঁর দল। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী ও যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ বলেন, কাজী মজিবুর দলে ও এলাকায় তাঁর শক্ত অবস্থান প্রমাণের জন্য এই দুর্যোগেও ত্রাণ নিয়ে রাজনীতি করছেন। তবে এতে কোনো লাভ হবে না।
বন্যার্ত ও দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুর রহিম চৌধুরী ও লক্ষ্মীপদ দাশের নেতৃত্বে আওয়ামী লীগের একদল নেতা-কর্মী বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শুকনো খাবারসহ অন্যান্য ত্রাণসামগ্রী দিতে যান। কিন্তু আশ্রয় গ্রহণকারীদের একাংশ তা নিতে অস্বীকার করে।
বিষয়টি জানতে বান্দরবান শহর প্রাথমিক বিদ্যালয়ে গেলে সেখানে আশ্রয় নেওয়া আব্দুর রাজ্জাক, নূরুল ইসলাম ও মোহাম্মদ মজিব বলেন, তাঁরা একটি শ্রেণিকক্ষে ১০-১২টি পরিবার মানবেতর জীবন যাপন করছে। এটা কেউ দেখতে না এসে আওয়ামী লীগের কতিপয় নেতা চিড়া-মুড়ি দিতে এসেছেন। এ জন্য ক্ষোভে-দুঃখে তাঁরা ত্রাণ নেননি। তাঁরা আরও বলেন, কাজী মজিবুর তাঁদের নেতা। বীর বাহাদুর উশৈসিংকে তাঁরা ভোট দিয়েছেন। এ জন্য মন্ত্রী না এলে তাঁরা ত্রাণ নেবেন না।
বান্দরবান বাসস্টেশন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া লোকজনও আওয়ামী লীগের ত্রাণ নেয়নি।
আর্মিপাড়া ৭ নম্বর পৌর ওয়ার্ডের কাউন্সিলর সামু মাঝি দাবি করেন, শহরের মোট ছয়টি আশ্রয়কেন্দ্রর একটিরও কেউ আওয়ামী লীগের ত্রাণ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
তবে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী বলেন, কাজী মজিবুর ত্রাণ নিয়ে নাটক করতে চাইলেও কতিপয় ব্যক্তি ছাড়া অধিকাংশ পরিবারই ত্রাণ নিয়েছে। তাঁর এ নাটক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারে কোনো কাজে আসবে না।
যোগাযোগ করা হলে জেলা কমিটির সিদ্ধান্তে বহিষ্কৃত কাজী মজিবুর রহমান বলেন, মানুষের কাছে অগ্রহণযোগ্য নেতারা ত্রাণ দেওয়ায় তা কেউ গ্রহণ করছে না। প্রতিমন্ত্রী না দিলে অন্য নেতার ত্রাণ নেবে না তারা।