ত্রাণ নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে বানৌজা বঙ্গবন্ধু
ঘূর্ণিঝড়, ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার উদ্দেশে ১০০ টন জরুরি ত্রাণসামগ্রী নিয়ে রওনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বঙ্গবন্ধু’। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় জাহাজটি শ্রীলঙ্কার উদ্দেশে চট্টগ্রাম নৌজেটি থেকে ছেড়ে যায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বানৌজা ‘বঙ্গবন্ধু’ প্রায় ১৪০০ নটিক্যাল মাইল সমুদ্রপথ অতিক্রম করে ৪ জুন শ্রীলঙ্কা পৌঁছাবে এবং রাজধানী কলম্বোয় অবস্থান করে পরবর্তী তিন দিন ত্রাণসামগ্রী বিতরণ করবে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, জীবন রক্ষাকারী ওষুধ, পোশাক, তাঁবু ও জেনারেটর।
ত্রাণসামগ্রী বিতরণ শেষে জাহাজটি ১১ জুন দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে।
জাহাজটি নৌজেটি ছাড়ার সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসুজা গুনাসেকারা, এরিয়া কমান্ডার ও চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, এয়ার কমোডর এ এইচ এম ফজলুল হক ও সশস্ত্র বাহিনী বিভাগের বেসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক কমোডর নাজমুল হাসান।