ত্রাণ পান না বানভাসি মানুষ

বন্যায় বাড়িঘর ডুবে গেছে। পানিতে ভেসে ছিলেন কয়েক সপ্তাহ। এখন বানের পানি নামতে শুরু করেছে। কিন্তু ঘরে খাবার নেই। না খেয়ে রয়েছেন কয়েক দিন। এ অবস্থায় ত্রাণ নিতে এসেছেন চেয়ারম্যানের বাড়িতে। তারপরও খালি হাতে ফিরতে হয়েছে অনেককে।
এ দুরবস্থা জামালপুরের বানভাসি মানুষের। শনিবার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস ছালামের বাড়িতে ত্রাণ দেওয়ার কথা শুনে ছুটে আসেন দুই শ মানুষ। দীর্ঘক্ষণ লাইনে থেকেও ত্রাণ পাননি তাঁরা।
৯৫ বছর বয়সী বছিরন বেগম। শনিবার দুপুরের প্রখর রোদে চেয়ারম্যানের বাড়িতে লাঠিতে ভর করে ত্রাণের লাইনে দাঁড়িয়ে ছিলেন। মলিন মুখে বললেন, সকাল ১০টা থেকে দুপুর হলেও তাঁর কপালে ত্রাণ জোটেনি। কাঁপা গলায় বছিরন বলেন, ‘এক মাইল দূর থেইকা পায়ে হাইটা বিয়ান বেলায় আইছি। চেয়ারম্যানরে কতই না বাবা ডাইকা হাত-পা বুলাইলাম। কিছুই দিল না! বড় কষ্ট। মাঝেমধ্যে খিদের জ্বালায় কানদি। পৃথিবীতে কেউ নাই, কে দিবে খাইতে?’ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, তাঁর বাড়ি উত্তর বলিয়াদহ গ্রামে।
আবদুস ছালামের বাড়িতে দেখা যায়, বছিরন বেগমের মতো অন্তত ২০০ নারী-পুরুষ জড়ো হয়েছেন ত্রাণের আশায়। প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন তাঁরা। রোদে অস্থির ও ক্লান্ত হয়ে পড়েছেন বছিরন, আমেনা খাতুন, কমলা বেগম, আছিয়া বেগম, বেহুলা বেগম, জবেদা, মতিরন, বালা বিবি, আশা বেগমসহ শতাধিক নারী। পাঁচ-ছয় ঘণ্টা অপেক্ষা করার পরও অধিকাংশ নারী-পুরুষ ত্রাণ না পেয়ে বাড়ি ফিরে যান।
এ সময় ত্রাণের জন্য আসা অনেক মানুষ অভিযোগ করেন, দুই দফায় বন্যায় প্রায় ১৮ দিন তাঁদের বাড়িতে বুকসমান পানি ছিল। বেশির ভাগ মানুষ কোনো ত্রাণ পাননি। যাঁরা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের পরিচিত, তাঁরাই দু-তিনবার করে ত্রাণ পেয়েছেন। এখনো অনেক মানুষ রয়েছেন, যাঁরা খেয়ে না-খেয়ে বেঁচে রয়েছেন। ঘরে কোনো খাবার নেই। সরকারিভাবে খাদ্যের ব্যবস্থা না করলে মানুষ না খেয়ে মারাও যেতে পারে।
পশ্চিম বামনা গ্রামের মাজেদা বেগম বলেন, ‘সকাল থেকে কতই না ছুটাছুটি করলাম, ত্রাণ পেলাম না। ছেলেমেয়েদের নিয়ে কয়েক দিন ধরে খেয়ে না-খেয়ে যন্ত্রণার মধ্যে আছি। ছেলেমেয়েদের বলেছি, চাল নিয়ে আইসে ভাত দিব। বাড়িতে গিয়ে ছেলেমেয়েকে কী বলব?’
সেখানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুক্তাদিরুল আহম্মেদ। তিনি বলেন, ত্রাণসামগ্রী বিতরণের জন্য চেয়ারম্যান ও মেম্বাররা আগেই তালিকা তৈরি করেছেন। সেই তালিকা অনুযায়ী ত্রাণ বিতরণ করা হচ্ছে। যাঁরা তালিকায় নেই, তাঁরা আজ (শনিবার) হয়তো ত্রাণ পাবেন না। আবার বরাদ্দ এলে অন্যদের ত্রাণ দেওয়া হবে।
চেয়ারম্যান আবদুস ছালাম বলেন, ‘সরকারিভাবে বরাদ্দ পেয়েছি মাত্র ১৯ মেট্রিক টন চাল ও ৩০০ প্যাকেট চিড়া। এসব ত্রাণ মাত্র দুই হাজার মানুষের মধ্যে বিতরণ করতে পেরেছি। বাকি আরও ১৮ হাজার মানুষকে কিছুই দিতে পারি নাই। তাঁরা তো বলবেনই ত্রাণ পাননি। এসব কারণে বাড়িতেই থাকতে পারি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় ইসলামপুরের ১২টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। দুর্গত মানুষের জন্য ১৩৩ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৯২ হাজার টাকা নগদ বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই ত্রাণ দুর্গত এলাকায় বিতরণও করা হয়েছে।
নোয়ারপাড়া ইউপির চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘১৫ হাজার মানুষের জন্য মাত্র ১৩ মেট্রিক টন চাল ও ৩০০ প্যাকেট চিড়া বরাদ্দ পেয়েছিলাম। সেই চাল নিম্নমানের। নষ্ট হয়ে গন্ধ বের হচ্ছে। মাত্র দেড় হাজার মানুষের মধ্যে তা বিতরণ করতে পেরেছি। বাকি ১৩ হাজার মানুষ কিছুই পাননি।’
কুলকান্দি ইউপির চেয়ারম্যান সেলিনা আলম বলেন, ‘বন্যায় প্রায় আট হাজার মানুষ পানিবন্দী ছিল। দুর্গতদের জন্য ১৮ মেট্রিক টন চাল ও ২০০ প্যাকেট চিড়া বরাদ্দ পেয়েছিলাম। ওই সব ত্রাণ মাত্র ১২০০ মানুষের মধ্যে বিতরণ করতে পেরেছিলাম। প্রায় সাড়ে সাত হাজার মানুষ কিছুই পায়নি।’
ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান বলেন, জেলায় সবচেয়ে দুর্গত উপজেলা ইসলামপুর। উপজেলার বন্যাকবলিত বেশির ভাগ মানুষ এখনো ত্রাণ পায়নি।
জামালপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন বলেন, দুর্গত অঞ্চলের চেয়ারম্যানদের চাহিদা অনুযায়ী ত্রাণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বন্যাকবলিত সব মানুষকেই একসঙ্গে ত্রাণ দেওয়া সম্ভব হয় না। ১০০ মেট্রিক টন চাল ও তিন লাখ টাকা মজুত রয়েছে। সেগুলো দুর্গত এলাকার মানুষের মধ্যে বিতরণ করা হবে।