ঘটা করে ১২ জুন মেয়ে তুষ্টি চাকমার (৪) জন্মদিন পালন করেন মা রেখা চাকমা। তাঁদের বাড়ি রাঙামাটি শহরের রাঙাপানি এলাকায়। পরদিন ভোরেই পাহাড়ধসে রেখা ও তাঁর বোনের ঘর নিশ্চিহ্ন হয়ে যায়। প্রাণ হারায় শিশু তুষ্টি। মেয়ে হারানো রেখার পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। ঘর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর থেকে এক প্রতিবেশীর বাড়িতে সাময়িক আশ্রয় জুটেছে তাঁর। গতকাল রোববার সেখানে গিয়ে তাঁর হাতে ত্রাণ তুলে দেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
রাঙামাটির দুর্গত এলাকায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল ত্রাণ পেয়েছে আরও ১৮৩ পরিবার। এ নিয়ে ৪ দিনে ৪৮৮ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।
শহরের টেলিভিশন উপকেন্দ্রে, সুখী নীলগঞ্জের ওন মিয়ং ভাবনাকেন্দ্র, ভেদভেদী পৌর উচ্চবিদ্যালয়, মিতিঙ্গাছড়ি ভোয়াইল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও রাঙাপানি বাজার এলাকায় গতকাল ত্রাণ বিতরণ করা হয়।
টেলিভিশন উপকেন্দ্রে আশ্রয় নেওয়া ৭২ পরিবারকে গতকাল ত্রাণ হিসবে ৩ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি গুড়, ১০ প্যাকেট খাওয়ার স্যালাইন, পাতিল, থালা, চামচ, শাড়ি ও ১টি করে লুঙ্গি দেওয়া হয়েছে। ওন মিয়ং ভাবনাকেন্দ্রে ৫৭ পরিবার, ভেদভেদী পৌর উচ্চবিদ্যালয়ে ৪২ পরিবার, মিতিঙ্গাছড়ি ভোয়াইল্লা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১১ পরিবার ও রাঙাপানি বাজার এলাকায় ১টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। এই ৪ এলাকায় দেওয়া ত্রাণের মধ্যে ছিল পাহাড়ি নারীদের পোশাক ও ২ লিটার বিশুদ্ধ পানি।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন, সহসভাপতি শিহাব জিসান, জয়নাল আবেদিন, শুভাশীষ পালসহ ১০ বন্ধু। ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্য অং সাই মং মারমা ও ঢাকা মহানগর বন্ধুসভার সদস্য সৈয়দ মুনীর, রাঙামাটি বন্ধুসভার ত্রিরতন চাকমা, চিন্নি চাকমা, দীপ চাকমাসহ ১০ জন।
আজ সোমবারও প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে রাঙামাটির দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।
প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে আরও সহায়তা
পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় হাত বাড়িয়েছে মোহাম্মদ মোদাব্বের-হোসনে আরা স্মৃতি সংসদ। গতকাল স্মৃতি সংসদের পক্ষ থেকে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। সংসদের সাধারণ সম্পাদক ও মোহাম্মদ মোদাব্বের-হোসনে আরা দম্পতির মেয়ে শিরিন বেগম এবং নাতি হাসান শরীফ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে এই টাকার চেক তুলে দেন।
১৯৯৯ সালে বিশিষ্ট সাংবাদিক, শিশুসাহিত্যিক ও সংগঠক মোহাম্মদ মোদাব্বের এবং তাঁর স্ত্রী ছড়াকার হোসনে আরার স্মরণে এই পারিবারিক সংগঠনটি করা হয়। এর সভাপতির দায়িত্ব পালন করছেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর নিয়মিতভাবে একজন শিশুসাহিত্যিক ও একজন সাংবাদিককে সংসদের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন দুর্যোগে আর্তমানবতার কল্যাণে সহায়তা দেওয়া হয় বলে সংসদের পক্ষ থেকে জানানো হয়।
মোহাম্মদ মোদাব্বের-হোসনে আরা স্মৃতি সংসদের সহায়তাসহ গতকাল পর্যন্ত প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে মোট জমা হয়েছে ৫ লাখ ৭১ হাজার টাকা। এর মধ্যে সামিট গ্রুপ ২ লাখ টাকা, এনভয় গ্রুপ ২ লাখ টাকা এবং ব্যক্তিগতভাবে দানীন ও আরশিয়া ৫০ হাজার, সাঈদা নাজনীন ২০ হাজার এবং ফয়সাল আজীম ১ হাজার টাকা দিয়েছেন।
গতকাল পর্যন্ত পার্বত্য এলাকার দুর্গত মানুষের জন্য ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা দিয়ে পানি, কাপড়, হাঁড়িপাতিলসহ বিভিন্ন সরঞ্জাম ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে।