ত্রাণ পেল গারাতির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা
পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় গারাতি ছিটমহলের ক্ষতিগ্রস্ত ১০২টি পরিবারকে সহায়তা হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, লবণ ও এক লিটার করে তেল দিয়েছে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক বনমালী ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল মাবুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাতসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এদিকে ছিটমহলে অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, মো. আলমগীর ও আমিরুল ইসলাম। এ নিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গারাতি ছিটমহল পরিদর্শন করতে ভারত-বাংলাদেশ ছিটমহল-বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় ইউনিটের দুই সদস্যের প্রতিনিধিদল গতকাল বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন, আহসান হাবীব ও কল্যাণ ঘোষ।জেলা প্রশাসক গতকাল প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনের পক্ষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাবার ও হাঁড়ি-পাতিল সরবরাহ করা হয়েছে। ছিটমহলের বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছে। ইতিমধ্যে যেসব পরিবারের লোকজন ছিটমহলে ফিরে এসেছে, তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ছিটমহলের অসহায় পরিবারগুলোর সাহায্যার্থে সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসতে শুরু করেছে।গত সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে এক জরুরি সভায় পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে ছিটমহলবাসীর জন্য মানবিক সাহায্যের আহ্বান জানালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে এক লাখ ৩০ হাজার টাকা সাহায্য দেন। সাংসদ নিজেও ৫০ হাজার টাকা সাহায্য দিয়েছেন। এই অর্থ ছিটমহলের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হচ্ছে। একই দিন জেলা প্রশাসকের সভাপতিত্বে এক সভায় একটি তহবিল গঠন করা হয়। এই তহবিলে অর্থ-সাহায্য দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ছিটমহল ও এর পার্শ্ববর্তী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাতকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। ১৬ অক্টোবর গারাতি ছিটমহলে গণপিটুনিতে নিহত এক বাংলাদেশি নাগরিকের লাশ ফেরত দিতে দেরি করার জের ধরে ছিটমহলের বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়।ত্রাণ দেবে কোচবিহার প্রশাসন: বিবিসি জানায়, গারাতি ছিটমহলের সাম্প্রতিক সংঘর্ষের ব্যাপারে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা প্রশাসন বাংলাদেশের পঞ্চগড়ের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে। কোচবিহারের জেলা প্রশাসক সারথি মহাপাত্র গতকাল বিবিসিকে বলেছেন, ছিটমহলটি আন্তর্জাতিক সীমান্তের অনেকটা ভেতরে অবস্থিত হওয়ায় তাঁরা সেখানে সরাসরি পৌঁছাতে পারছেন না। তবে পঞ্চগড়ের জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সঙ্গে কথা বলে তিনি গারাতিতে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করছেন।