ত্রাণ পেলেন না অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণের জন্য বন্যার্ত মানুষের আকুতি। জামালপুরের ইসলামপুরের ডেবরাইপ্যাঁচ মোড় থেকে গতকাল তোলা ছবি l সাহাদাত পারভেজ
ত্রাণের জন্য বন্যার্ত মানুষের আকুতি। জামালপুরের ইসলামপুরের ডেবরাইপ্যাঁচ মোড় থেকে গতকাল তোলা ছবি l সাহাদাত পারভেজ

চিনাডুলির ডেবরাইপ্যাঁচ টেকনিক্যাল কলেজের আশপাশে বন্যার পানি কোথাও বুক, কোথাও কোমরসমান। সকালে বন্যার পানি ঠেলে চার বছরের শিশুসন্তান উজ্জ্বলকে মাথায় নিয়ে ত্রাণের জন্য এসেছেন পশ্চিম ডেবরাইপ্যাঁচের আফিজা খানম। তাঁর মতো অনেকে সকাল সাড়ে আটটা থেকে ত্রাণের আশায় বন্যার পানি ঠেলে কলেজের পাশ দিয়ে উঠে আসেন। কলেজ থেকে একটু দূরে ডেবরাইপ্যাঁচ মোড়ে ত্রাণমন্ত্রী বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে জামালপুরের ইসলামপুরের চিনাডুলি এলেনও। কিন্তু যে ভাগ্যবানেরা ত্রাণ পেলেন, তাঁদের তিন গুণ হতভাগ্য বানভাসি ফিরে গেলেন খালি হাতে। এর ফলে ত্রাণের আশায় দূর-দূরান্ত থেকে আসা বন্যাদুর্গতদের মধ্যে যোগ হয় হতাশা।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ইসলামপুর উপজেলাসহ জেলার সবচেয়ে দুর্গত এলাকাগুলোতে এত দিন ত্রাণ বিতরণের প্রচার করা হলেও ত্রাণ মেলেনি। বৃহস্পতিবার কিছু ত্রাণ দিয়েও একধরনের প্রহসন করা হলো।
মন্ত্রী সকালে হেলিকপ্টারে করে ইসলামপুরে আসেন। তিনি সকাল ১০টা ২৫ মিনিটে ডেবরাইপ্যাঁচ মোড়ে স্থাপিত মঞ্চে ওঠেন। বন্যাদুর্গতদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ ৪০০ পরিবারকে ২০ কেজি চাল আর ৩০০ করে টাকা দেওয়া হবে। পরে ‘কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির’ ব্যবস্থা করা হবে।
এর আগে স্থানীয় সাংসদ ফরিদুল হক খান, ত্রাণসচিব মেজবাউল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা ও জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বক্তৃতা করেন। তাঁরা গত ২০ দিনে বন্যার্তদের দুর্ভোগ লাঘবে তাঁদের যাবতীয় উদ্যোগের ফিরিস্তি তুলে ধরেন।
জেলা প্রশাসক বলেন, সারা জেলায় সাড়ে ৪০০ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। আরও ৫০০ মেট্রিক টন চাল দরকার।
ত্রাণমন্ত্রী গত মঙ্গলবার ত্রাণের কার্ড নিতে বন্যার পানি সাঁতরে আসার পথে মারা যাওয়া শামসউদ্দিনের স্ত্রী বেদানা বেগমের হাতে ২০ হাজার টাকার একটি চেক তুলে দেন। এরপর পাঁচজন বানভাসির হাতে কিছু ত্রাণ দিয়ে সিরাজগঞ্জ ও বগুড়ার উদ্দেশে চলে যান। এর পরই ত্রাণের জন্য শুরু হয় হুড়োহুড়ি।
বাস্তবে যা ঘটেছে: ত্রাণমন্ত্রী আসার আগে মঞ্চের সামনে সাজানো চেয়ারে প্রায় ২০০ জন নারী-পুরুষকে বসানো হয়। মঞ্চের সামনে এবং আশপাশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় প্রায় ৮০০ বানভাসি মানুষ কিছু দূরে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিলেন। অনেকের হাতেই কার্ড। যাঁদের কার্ড ছিল না, তাঁরা কি ত্রাণ পাবেন—সেই প্রশ্নও তাঁদের মধ্যে আসছিল ঘুরেফিরে।
মন্ত্রী চলে যাওয়ার পর এক নেতা মাইকে ঘোষণা দেন, ‘এখানে ত্রাণ দেওয়া হবে না। আপনারা আমতলী বলিয়াদহ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চলে যান।’
ডেবরাইপ্যাঁচ মোড় থেকে ওই বিদ্যালয়ের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। সূর্য তখন আরও তপ্ত। বন্যার্তরা ছুটলেন সেখানে। গিয়ে দেখা গেল ফটক বন্ধ। দুপুর ১২টার দিকে ফটক খোলার পর হুড়মুড় করে ঢুকতে চাইলেন বন্যার্তরা। দূরে দাঁড়িয়ে একদল পুলিশ।
বন্যার্তদের কার্ড নিয়ে লাইন করে দাঁড়াতে বলা হয়। চারটি লাইনে দাঁড়ানো বন্যার্ত মানুষের সংখ্যা প্রায় ২০০ জন। আরও আধা ঘণ্টা পর প্রথম ভাগ্যবান তোতা মিয়া ত্রাণ নিয়ে বেরিয়ে এলেন। চোখে-মুখে আনন্দ। রাস্তায় এসে খুলে দেখলেন, বস্তায় কী আছে।
বস্তার ভেতরে ছোট আরেকটি বস্তা। চালের বস্তা হাতে নিয়ে তিনি বললেন, কেজি আটেকের বেশি হবে না। ছোট বস্তায় কিছু চিড়া, গুড়, লবণ, পেঁয়াজ আর চারটি মোমবাতি। তিনি বললেন, ‘মন্ত্রী কইছে ট্যাকা দিব, পাইলাম না তো?’
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইসলামপুর উপজেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলাল উদ্দিন বলেন, ‘২০ কেজি না হলেও ১৫ কেজি চাল দেওয়া হয়েছে। দুই-এক ছটাক কম হতে পারে। আর টাকার পরিবর্তে কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ছিল ২০০ বস্তা। সেগুলোকে বানানো হয়েছে ৫০০ বস্তা।
ত্রাণ ব্যবস্থাপনায় ম্যাজিস্ট্রেট: ত্রাণের এক টন চাল ইসলামপুর সদর ইউনিয়ন এলাকায় কালোবাজারির কাছে বিক্রির অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট ব্যক্তিকে গতকাল ত্রাণ বিতরণের কাজ থেকে বিরত রাখা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমুর রহমান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার একজন ম্যাজিস্ট্রেটকে ত্রাণ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে।