ত্রাণ বিতরণ নিয়ে যুবলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া
চট্টগ্রাম নগরের বাটালি হিলে প্রতিরক্ষা দেয়ালসহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ নিয়ে পুলিশের উপস্থিতিতে যুবলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।গতকাল বিকেলে একই স্থানে যুবলীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এর আগে দুপুরে খিচুড়ি বিতরণ করা হয়। জানা গেছে, যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ফরিদ মাহমুদের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সময় তাঁরা উপস্থিত ছিলেন না। ফরিদ মাহমুদ দাবি করেন, ‘দুপুরে ওখানে মহিউদ্দিন চৌধুরীর দেওয়া খিচুড়ি বিতরণের জন্য আমি গিয়েছিলাম। বিতরণ করে চলে আসার পর ছেলেদের মধ্যে গন্ডগোল হতে পারে। তবে আমাদের কোনো পক্ষ নেই।’জানা গেছে, গতকাল দুপুরে বাটালি পাহাড়ের ওপর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা হাতে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ধাওয়া খেয়ে এক পক্ষ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা আবার সংঘবদ্ধ হয়ে ওই স্থানে অন্য পক্ষকে ধাওয়া করে। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের স্থাপনা ভাঙচুর করে এক পক্ষ। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘বিকেলে ওখানে যুবলীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠান ছিল। এর আগে দুপুরে ওখানে স্থানীয় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এগুলো জুনিয়র ছেলে।’ মহিউদ্দিন বলেন, ‘জুনিয়র ছেলেদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। যুবলীগের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা বিষয়টি দেখছি।’