ত্রাণ বিতরণ শেষে দেশে ফিরেছে বানৌজা 'বঙ্গবন্ধু'
শ্রীলঙ্কায় জরুরি ত্রাণ বিতরণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বঙ্গবন্ধু’ গতকাল রোববার চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে। ঘূর্ণিঝড়, ভূমি ধসসহ আকস্মিক বন্যায় সৃষ্ট মানবিক বিপর্যয়ে সহযোগিতার জন্য ৫ জুন জরুরি ত্রাণ নিয়ে বানৌজা ‘বঙ্গবন্ধু’ শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পৌঁছায়।
বানৌজা ‘বঙ্গবন্ধু’ ৮ জুন কলম্বো বন্দরে অবস্থান করে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। বিতরণ করা ১০৫ টন ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ উপকরণ, জীবন রক্ষাকারী ওষুধ, বস্ত্র, তাঁবু, জেনারেটর ইত্যাদি।
গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে শ্রীলঙ্কার অনেক এলাকা বন্যাকবলিত হয়ে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। গৃহহীন হয় হাজারো মানুষ। এরপর শ্রীলঙ্কা সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানায়। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে গত ৩১ মে বানৌজা ‘বঙ্গবন্ধু’ জরুরি ত্রাণসামগ্রী নিয়ে কলম্বোর উদ্দেশে রওনা দেয়।