ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ চেয়ারম্যান ঘেরাও
ত্রাণ বিতরণের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দুই দফায় অবরোধ করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। বল্লী ইউনিয়নের কুশোডাঙা গ্রামের ময়না খাতুন, নায়পুর গ্রামের সালেহা বেগম, মুকুন্দপুর গ্রামের সুফিয়া খাতুন ও মোচড়া গ্রামের আমেনা খাতুন জানান, শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউনিসেফের সহায়তায় বেসরকারি সংস্থা স্বদেশ গত সোমবার সকাল থেকে তাদের ইউনিয়নে ত্রাণ বিতরণ শুরু করে। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান তালিকা তৈরি করে তা স্বদেশ সংস্থাকে সরবরাহ করেছেন। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বানভাসি কয়েক শ নারী বল্লী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানকে ঘেরাও করে এর প্রতিবাদ জানায়। বল্লী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত দেখে তালিকা তৈরি করা হয়েছে। তালিকা তিনি তৈরি করেনি, সহযোগিতা করেছেন মাত্র।