
সুনামগঞ্জে হাওরের ফসলহারা কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণের তালিকা তৈরি ও ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে দুপুরে এই মানববন্ধন করেন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের অর্ধেকের বেশি এখনো ত্রাণ সহায়তার বাইরে আছেন। ত্রাণ বিতরণের জন্য ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম হয়েছে। ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের লোকদের তালিকায় নাম দিয়েছেন। এখন বিতরণেও অনিয়ম হচ্ছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ সহায়তা পাচ্ছে না। ত্রাণ বিতরণের তদারকিতে গাফিলতি রয়েছে। এসব অনিয়ম বন্ধ করতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি হোসেন তওফিক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. জহুর আলী, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি রবিউল লেইস, আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিজন সেন রায়, সদস্যসচিব বিন্দু তালুকদার, সদস্য এনাম আহমেদ, কৃষকনেতা রুহুল আমিন, সংগঠনের সদস্য দেওয়ান গিয়াস চৌধুরী, মো. রাজু আহমেদ, প্রদীপ পাল প্রমুখ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে এবার ১৫৪টি ছোট-বড় হাওরে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৯০টি কৃষক পরিবার। সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ১ লাখ ৬৮ হাজার পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল ও ৫০০ টাকা দিচ্ছে।