ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে হাওরের কৃষকদের মধ্যে ত্রাণ হিসেবে ভিজিএফের চাল ও নগদ টাকা বিতরণে অনিয়মের প্রতিবাদে গতকাল সদর উপজেলার ইসলামগঞ্জ বাজারে মানববন্ধন করে এলাকাবাসী l ছবি: প্রথম আলো
সুনামগঞ্জে হাওরের কৃষকদের মধ্যে ত্রাণ হিসেবে ভিজিএফের চাল ও নগদ টাকা বিতরণে অনিয়মের প্রতিবাদে গতকাল সদর উপজেলার ইসলামগঞ্জ বাজারে মানববন্ধন করে এলাকাবাসী l ছবি: প্রথম আলো

সুনামগঞ্জে হাওরের ফসলহারা কৃষকদের মধ্যে ত্রাণ হিসেবে সরকারের ভিজিএফের চাল ও নগদ টাকা বিতরণে অনিয়মের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে মানববন্ধন হয়েছে। সদর উপজেলার ইসলামগঞ্জ বাজারে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা জানান, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ফসলহারা কৃষকদের ভিজিএফ দেওয়ার তালিক তৈরিতে অনিয়ম হয়েছে। তালিকায় নাম দেওয়ার কথা বলে স্থানীয় ইউপি সদস্য আয়না মিয়া কৃষকদের কাছ থেকে টাকা নিয়েছেন। তিনি নিজের আত্মীয়স্বজনের নামও তালিকায় দিয়েছেন। এখন ত্রাণ বিতরণের সময় কৃষকদের কাছ থেকে ইউনিয়ন পরিষদের করের নামে টাকা কেটে রাখছেন। এ নিয়ে কেউ কোনো কথা বললে পরবর্তী সময়ে সে ত্রাণ পাবে না বলে হুমকি দিচ্ছেন। এই ভয়ে তাঁর বিরুদ্ধে কৃষকেরা কোনো কথা বলছেন না। তাঁর বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জের আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, ইসলামগঞ্জ কলেজের শিক্ষক ফজলুল হক, গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, শিক্ষক মো. ফারুক আহমদ, স্থানীয় বাসিন্দা মতিউর রহমান প্রমুখ।

ইউপি সদস্য আয়না মিয়া কৃষকদের তালিকা তৈরি ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘নির্বাচনে যারা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছে, তারাই লোকজনকে নিয়ে আমার বিরুদ্ধে এসব করছে।’ তবে ইউপি চেয়ারম্যানের নির্দেশেই তিনি ভিজিএফ বিতরণের সময় কৃষকদের কাছ থেকে কর হিসেবে টাকা কেটে রেখেছেন বলে জানিয়েছেন।

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার ১৫৪টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৯০ কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষক-জনপ্রতিনিধিরা বলছেন, সুনামগঞ্জের হাওরে আবাদ করা ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষকেরা হাওরের ফসল হারিয়ে এখন নিঃস্ব, দিশেহারা। সরকারিভাবে জেলায় দেড় লাখ কৃষককে প্রতি মাসে বিশেষ ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে।