ত্রাণ বিতরণে দুর্নীতি বরদাশত করা হবে না: মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘পানি বৃদ্ধি পাওয়ায় বন্যাদুর্গত এলাকার মানুষের এখন খুব কষ্ট। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। বরাদ্দ করা ত্রাণসামগ্রী নিয়ে কোনো ধরনের স্বজনপ্রীতি ও অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না।’
বন্যাদুর্গত এলাকার পরিস্থিতি সম্পর্কে আজ শুক্রবার বিকেল চারটার দিকে জামালপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জামালপুরের বন্যাদুর্গতদের পাশে নানা শ্রেণি-পেশার মানুষকে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, একটা মানুষও না খেয়ে মারা যাবে না। পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুত রয়েছে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, বরাদ্দ করা ত্রাণসামগ্রী নিয়ে কোনো টালবাহানা চলবে না। কোনো ধরনের টালবাহানার খবর পেলে কাউকেই ক্ষমা করা হবে না।
মায়া বলেন, ‘সারা জেলায় এ পর্যন্ত ২৫০ মেট্রিক টন চাল, ৯ লাখ ৫০ হাজার নগদ টাকা ও ৪ হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ত্রাণসামগ্রী বিতরণ চলছে। বন্যাদুর্গত এলাকার শিশুদের রুটি তৈরি করে বিতরণের নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে।’
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর-৫ আসনের সাংসদ রেজাউল করীম হীরা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রিয়াজ আহম্মেদ প্রমুখ।