ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে ঘূর্ণিঝড় মোরা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, অনেক ক্ষতিগ্রস্ত পরিবারে কাছে ত্রাণ পৌঁছায়নি। পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজনের তালিকাও পূর্ণাঙ্গ নয়। তবে সংবাদ সম্মেলন করে ত্রাণ বিতরণে অনিয়ম এবং সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করেছেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

জনপ্রতিনিধিদের দাবি, প্রশাসনের কর্মকর্তারা মনগড়া তালিকা তৈরি করে ত্রাণ বিতরণ করছেন। এ অবস্থায় নানা অভিযোগ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষজন তাঁদের কাছে আসছেন। কিন্তু তাঁরা কোনো সমাধান দিতে পারছেন না।

বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী বলেন, প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো সমন্বয় না করে ঘূর্ণিঝড় ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা তৈরি ও ত্রাণ বিতরণ করছেন। এতে অনেক ক্ষেত্রে প্রকৃত ক্ষতিগ্রস্তরা তালিকায় আসছে না। ক্ষতিগ্রস্ত হননি এমন ব্যক্তিও তালিকাভুক্ত হয়ে ত্রাণ পাচ্ছেন। আবার পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজনের তালিকাও পূর্ণাঙ্গ নয়।

পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাহিমা বেগম বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা করার সময় তাঁদের সম্পৃক্ত করা হয়নি। তালিকাও তাঁদের দেখানো হয়নি। ক্ষতিগ্রস্তদের তালিকায় প্রশাসনের পরিচালিত কালেক্টরেট স্কুলের কর্মচারীদের নামও রয়েছে। অথচ তাঁরা ক্ষতিগ্রস্ত নন।

 বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও ভাইস-চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, কোথায় ও কাদের ত্রাণ দেওয়া হচ্ছে সেটা তাঁদের জানানো হয়নি।

তবে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জনপ্রতিনিধিদের অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি জেলায় গত ৩০ মে ঘূর্ণিঝড় মোরা এবং ১২ জুন প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও পাহাড়ধসের পরবর্তী পরিস্থিতি তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে দিলীপ কুমার বণিক বলেন, ঘূর্ণিঝড় ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এবং পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের তালিকা তৈরিতে সমন্বয়হীনতা নেই। আশ্রয়কেন্দ্রে গিয়ে ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা তৈরি করা হয়েছে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ওই তালিকা সমন্বয় করে নেওয়া হয়েছে। তা ছাড়া ত্রাণ বিতরণের সময় তালিকার বাইরে অনেক ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য দেওয়া হয়েছে। এ নিয়ে কোনো সমস্যা নেই।

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মাকসুদ চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলী আকবর, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ঘূর্ণিঝড় মোরায় নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা ও পাহাড়ধসে জেলায় ছয়জনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্তদের এ পর্যন্ত  ৩১০ টন খাদ্যশস্য ও ২ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।