ত্রাণ সহায়তা বাড়ানোর দাবিতে বিক্ষোভ
সুনামগঞ্জে হাওরের ফসলহারা সব কৃষককে সরকারি সহায়তার আওতায় আনার দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
এ সময় তাঁরা ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে এবং ফসলহানির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভের পর তাঁরা সদর উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক এনাম আহমেদ, কৃষক আফাজ উদ্দিন, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পুলক তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, জেলার ফসলহারা পৌনে দুই লাখ পরিবার এখনো ত্রাণ সহায়তার বাইরে রয়েছে। অথচ সরকার মুখে মুখে সব দিয়ে দিচ্ছে। হাওর এলাকায় অভাব দেখা দিয়েছে, মানুষ উপোস দিন কাটাচ্ছে। আগে হাওর এলাকায় এত অভাব কখনো হয়নি। সরকার এখনো বিষয়টি উপলব্ধি করতে পারেনি। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। হাওরের মানুষকে বাঁচাতে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে।
জেলা প্রশাসনের এক হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে জমির ধান তলিয়ে যাওয়ায় ৩ লাখ ২৫ হাজার ৯৯০টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।