ত্রাণই কাল হলো তাঁদের!
বরগুনায় সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফলে আগের চেয়ারম্যান ও সদস্য প্রায় সবাই হেরে গেছেন। জেলার পাঁচ উপজেলার ৩৮টি ইউনিয়নের মধ্যে ৩২টির নির্বাচন হয়েছে। ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে এবার ২৯ জনই নতুন প্রার্থী জয়ী হয়েছেন। পুরোনোদের মধ্যে মাত্র তিনজন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদেও বেশির ভাগ পুরোনো প্রার্থীরা হেরেছেন শোচনীয়ভাবে।একই চিত্র বাগেরহাটেও। জেলার ৭৩টি ইউনিয়নে ৬৫ জন ইউপি চেয়ারম্যান পরবর্তী মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁদের মধ্যে ৪৭ জন হেরে গেছেন। জয়ী হয়েছেন মাত্র ১৮ জন। একই অবস্থা সাধারণ সদস্যদের ক্ষেত্রেও। নির্বাচিতদের দুই-তৃতীয়াংশই নতুন মুখ।পুরোনোদের এই পরাজয়ের পেছনে ঘূর্ণিঝড়, সিডর ও আইলা-পরবর্তী ত্রাণ কার্যক্রমে ব্যাপক অনিয়মকে দায়ী করেছেন সংশ্লিষ্ট এলাকার ভোটার ও স্থানীয় সচেতন মহল। আবার অনেকে এই মতের বিপক্ষেও বলেছেন। বরগুনায় ঘোষিত ফলাফলে দেখা গেছে, সদ্যসমাপ্ত ৩২টি ইউনিয়নের নির্বাচনে পুরোনো মাত্র তিনজন চেয়ারম্যান ফের জয়ী হয়েছেন। তাঁরা হলেন পাথরঘাটার কালমেঘা ইউনিয়নে নূর আফরোজ, বামনার ডৌয়াতলা ইউনিয়নে সাইতুল ইসলাম এবং বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে ইউসুফ আলী শরীফ। এ ছাড়া বরগুনা সদর উপজেলার ১০টি ও আমতলী উপজেলার সাতটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদের কেউই জয়ী হতে পারেননি।বরগুনা সদরের নলটোনা ইউনিয়নের ভোটার হারুন অর রশিদ বলেন, ‘ত্রাণ লইয়্যা হ্যারা যা করছে হ্যাতে ক্যামনে আবার মোগো ভোটের আশা করে।’ সদরের বদরখালী ইউনিয়নের ভোটার সাইদুল বলেন, ‘ত্রাণ কার্যক্রমে যেভাবে তারা নয়-ছয় করেছে তাতে মানুষ খুব কষ্ট পেয়েছে। সেই কষ্টের ফল এবারের নির্বাচনে ভোটাররা শোধ করে দিয়েছে।’তবে বেশ কয়েকজন ভোটার এই মতের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, সবাই যে ত্রাণ কার্যক্রমে অনিয়মের কারণে হেরেছেন, তা ঢালাওভাবে বলা ঠিক না। তবে বেশির ভাগে প্রার্থীর ক্ষেত্রে এটা অন্যতম কারণ। দ্বিমত পোষণকারী ওই ভোটারদের মধ্যে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বারি আজাদ বলেন, এবারের নির্বাচনে সব ইউনিয়নে নজিরবিহীন রাজনৈতিক প্রভাব, ব্যাপক অর্থের ছড়াছড়ি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকৌশলের কারণেও অনেক প্রার্থী হেরে গেছেন। একই ইউনিয়নের ভোটার ও এনজিও কর্মকর্তা এইচ এম স্বপন বলেন, কোনো কোনো ইউনিয়নে রাজনৈতিক প্রভাবে কেন্দ্রে একচ্ছত্র প্রভাব, জালভোট প্রদান এবং রাজনৈতিক বিরোধিতার শিকার হয়ে নাস্তানাবুদ হয়েছেন অনেক প্রার্থী।এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মিত্রডাঙ্গা গ্রামের রমেশ হালদার ও হামছাপুর গ্রামের আক্কাস সরদার বলেন, ‘সিডরের পর আমরা ত্রাণও পাইনি, ঘরও পাইনি। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা দুর্নীতি করেছেন। টাকার বিনিময়ে ঘর দিয়েছেন। আমরা এবার ভোটে তার জবাব দিয়েছি।’ একই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মোশাররফ হোসেন ও খাউলিয়া ইউনিয়নের আবদুল খালেক বলেন, ‘সিডর-আইলার সময় মুখ দেখে রিলিফ দিছে। টাকা নিয়ে ঘর দিছে। আমরা তা ভুলিনি। ত্রাণের মাল তাদের বড়লোক করে দিছে।’সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরগুনা জেলা শাখার সভাপতি ও বরগুনা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রাজিয়া বেগম বলেন, ত্রাণ বণ্টনে অনিয়ম—এটা এই হারের পেছনে একটি কারণ হতে পারে। তবে এর সঙ্গে এলাকার বিচার-সালিস ব্যবস্থা, গণযোগাযোগ, আচরণ—এ সবকিছুকেই ভোটাররা সামগ্রিকভাবে বিবেচনায় নিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন।