ত্রাণের অপেক্ষায় বন্যাদুর্গতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের নদ-নদী থেকে পানি কমছে। পানি নেমে যাওয়ায় বসতবাড়িতে ফিরতে শুরু করেছে বন্যাদুর্গতরা। কিন্তু ঘরে খাবার না থাকায় অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তাদের অনেকের। অপেক্ষায় রয়েছে কখন আসবে ত্রাণ। বন্যাকবলিত এলাকায় নৌকা দেখলেই বানভাসি মানুষ ছুটে আসছে ত্রাণের আশায়।
দুর্গত এলাকার জনপ্রতিনিধিরা বলছেন, তাঁরা বাড়িতে থাকতে পারছেন না। দুর্গত লোকজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁদের বাড়িতে ভিড় করছেন। অপ্রতুল ত্রাণ কাকে রেখে কাকে দেবেন, তা নিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
বন্যার পানিতে ডুবে তিন জেলায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কুড়িগ্রামে দুজন, জামালপুরে একজন ও শেরপুরে একজন।
কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ২১ সেন্টিমিটার কমে এখন বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা, তিস্তা ও দুধকুমারেও পানি কমেছে। বন্যার পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের উত্তর কুমরপুর গ্রামের মমিনুল (৩০) ও রৌমারীর যাদুরচরের ইছাহাক আলীর ছেলে খায়রুল ইসলাম (৩)।
গতকাল মঙ্গলবার জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালাকাটার চরে গিয়ে দেখা যায়, সেখানকার ঘরবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। তবে দুর্ভোগ পৌঁছেছে চরমে। যন্ত্রচালিত নৌকার শব্দ পেয়েই বানভাসি মানুষ সাহায্যের জন্য ছুটে আসছে। এই চরে ৩০০ পরিবারের বসতি। এখন পর্যন্ত তারা ত্রাণ পায়নি।
কালাকাটার চরের বাসিন্দা তসিমন বেওয়া (৪৫) বলেন, ‘হামরা ১৮ দিন পানিত পড়ি আছি, কাইও খোঁজ নিল না। ঘরে একনা চাউলের দানাও নাই। কার কাছে হাত পাতি বাহে, সবার অভাব।’ কৃষক গোলজার হোসেন (৫১) বলেন, ‘আবাদ শ্যাষ হয়া গেইছে। ঘরে যা চিল সউগ শ্যাষ, এলা কেমন করে চলমো বুঝবার পারছি না।’
এ সময় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ‘ভাই, বাড়িতে থাকা যায় না। রাত-দিন মানুষের চাপ।’ তিনি বলেন, তাঁর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ছয় হাজার। কিন্তু ত্রাণ এসেছে মাত্র এক হাজার ২০০ পরিবারের জন্য।
ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চরে গিয়ে দেখা যায়, হাতে গোনা দু-একজন সেখানে ত্রাণ পেয়েছে। দুর্গম এ চরটির মানুষ পেশায় দিনমজুর ও জেলে। তারা ত্রাণ না পেয়ে হাঁস-মুরগি, কাশিয়া, খড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।
এ ব্যাপারে বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান খোকা মন্ডল বলেন, ‘বন্যায় সাড়ে তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত। ত্রাণ পেয়েছি মাত্র দেড় হাজার পরিবারের জন্য। এখন কাকে ছেড়ে কাকে দিই।’
সরকারি হিসাবে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ৩০ ইউনিয়ন এবার বন্যায় প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ ১৬ হাজার মানুষ। এদের মধ্যে ত্রাণ পেয়েছে মাত্র ১৭ হাজার ৪০০ জন। গতকাল দুপুরে ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নে গিয়ে দেখা যায়, সেখানকার মানুষের দুর্ভোগ চরমে। পূর্ব কঞ্চিপাড়া গ্রামের মইফুল বেগম (৫৫) বলেন, ‘বান আচচে থাকি এ্যাকবেলা খায়া দিন পার করব্যার নাগচি। খালি চেয়েরমেনের নোক আসি নাম নেকি নিয়া গ্যাচে, একনো ইলিপ পাই নাই।’ জেলা প্রশাসক মো. এহছানে এলাহী বলেছেন, ত্রাণ বিতরণ অব্যাহত আছে। আরও ১০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৩৯ সেন্টিমিটার কমে এখন বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু দুর্গত এলাকার অনেকে এখন অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছে। ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামের সাঈদুর রহমান বলেন, ‘১৮ দিন ধরে পানিবন্দি আছি। বন্যায় খেতের সবকিছু নষ্ট হয়ে গেছে। বেকার থাকলেও চক্ষুলজ্জার কারণে মানুষের কাছে হাতও বাড়াতে পারছি না।’
নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান বলেন, গত ১৬-১৭ দিনে মাত্র ১০ মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে। অপ্রতুল ত্রাণসামগ্রী বিতরণের সময় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. শাহবুদ্দিন খান বলেন, পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী আছে। কিন্তু সব ত্রাণসামগ্রী একসঙ্গে বরাদ্দ দেওয়া হলে নয়ছয়ের ঘটনা ঘটে। তাই পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
জেলার সরিষাবাড়ীতে সোমবার রাতে নূর ইসলাম মেম্বারের বাড়ি থেকে চান মন্ডলের বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার বাঁধ ঝিনাই নদীতে ভেঙে গেছে। গতকাল বন্যার পানিতে ডুবে মারা গেছে তিন বছরের শিশু আরিফুর রহমান। সে উপজেলার ভাটারা ইউনিয়নের ফয়েজের মোড় নাওগলা গ্রামের মামুন মিয়ার সন্তান। বাড়ির পাশে বন্যার পানিতে খেলতে গিয়ে শিশুটির মৃত্যু হয়।
বগুড়ার ধুনটে গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে ২২ সেন্টিমিটার কমে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি কমলেও বাঁধ ভাঙা পানিতে উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সোমবার রাতে গোপালনগর ইউনিয়নের কোনাগাতি রাস্তার সেতুর পাশে দুটি স্থানে ভেঙে গেছে। সেখান থেকে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে গ্রাম ও ফসলের মাঠ।
সরেজমিনে দেখা যায়, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে, তা প্রয়োজনের চেয়ে অনেক কম। এ ব্যাপারে বগুড়ার সহকারী জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, বানভাসিদের জন্য এ পর্যন্ত ৯৫ মেট্রিক টন চাল ও এক লাখ ১০ হাজার নগদ অর্থ ত্রাণসহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। আরও ত্রাণের জন্য আবেদন করা হয়েছে।
বগুড়ার শেরপুরেও দুর্গত মানুষের মানবেতর অবস্থা। তিন দিন ধরে উপজেলার খানপুর ও খামারকান্দি ইউনিয়নের ফসলের খেত পানিতে ডুবে যাওয়ায় অন্তত এক হাজার দিনমজুরের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। শুবলী গ্রামের দিনমজুর আনোয়ার হোসেন বলেন, ‘কেউ সাহায্য না করলে আমাদের না খেয়ে থাকতে হবে।’
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গতকাল সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১৮ সেন্টিমিটার কমেছে। পানি কমায় দুর্গতরা বাড়িঘরে ফিরতে শুরু করেছে। তবে অনেক গ্রাম ও চরাঞ্চল এখনো পানিতে নিমজ্জিত।
ব্রহ্মপুত্র নদের পানি সামান্য কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে শেরপুরে। জেলার সদর উপজেলার নদসংলগ্ন পাঁচটি ও শ্রীবরদী উপজেলার দুটি ইউনিয়নের অর্ধশত গ্রাম এখনো বন্যাকবলিত। সোমবার সন্ধ্যায় বন্যার পানিতে ডুবে সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর গ্রামে মেরিনা বেগম (৮) নামে একটি শিশু মারা গেছে। পানি উন্নয়ন বোর্ড, শেরপুরের উপবিভাগীয় প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, নদের পানি দ্রুত হ্রাস পাওয়ায় দু-তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
রাজবাড়ীতে পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার কমেছে। এক দিনে এত পানি কমলেও নদীর পানি এখনো বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমায় ভাঙন শুরু হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মাতীরবর্তী দেবগ্রাম, চর দেলন্দি ও সাজাপুর গ্রামে।
{প্রতিবদন তৈরিতে সহায়তা করেছে আমাদের নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম অফিস, গাইবান্ধা, শেরপুর, ধুনট (বগুড়া), সরিষাবাড়ী (জামালপুর), গোয়ালন্দ (রাজবাড়ী) ও জামালপুর সংবাদদাতা}