টানা পাঁচ দিন পানিবন্দী ছিলেন বগুড়ার ধুনটের বাসিন্দা আবদুস সামাদ (৭০)। ঘরে খাদ্যসামগ্রী যা ছিল, সব শেষ। আশায় ছিলেন, কেউ যদি ত্রাণ নিয়ে আসে। তবে পাঁচ দিন পার হলেও কেউ আসেনি। গত শুক্রবার কোনোরকমে বাড়িঘর ছেড়ে এলাকার একটি রাস্তায় বসতি গেড়েছেন তিনি।
আবদুস সামাদ ক্ষোভের সুরে বললেন, ‘পাঁচ দিন বন্যার মধ্যে ছিলাম। শুক্রবার সকালে রাস্তার ওপর পলিথিন দিয়ে ছাপরা ঘর তৈরি করে বাস করছি। চেয়ারম্যান ও মেম্বাররা এখন পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী দেয় নাই। আগের বন্যায়ও কোনো ত্রাণ পাইনি।’
বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতির খবর এসেছে গতকাল রোববার। এতে দুর্ভোগের শেষ নেই মানুষের। লাখো মানুষের মাথা গোঁজার আশ্রয় এবং মাঠের ফসল কেড়ে নিয়েছে বন্যা। এমন পরিস্থিতিতে পর্যাপ্ত ত্রাণ না পেয়ে শুরু হয়েছে হাহাকার।
যমুনাসহ সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সারিয়াকান্দিতে নদীভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। সরকারি হিসাবে এখন পর্যন্ত জেলার ২৫টি ইউনিয়নের প্রায় সোয়া লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে আছে জেলার সাত হাজার হেক্টর জমির ফসল।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জেলার সারিয়াকান্দি, ধুনট, সোনাতলা, শিবগঞ্জ ও আদমদীঘি—এ পাঁচ উপজেলার ২৫টি ইউনিয়নের ১ লাখ ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত গ্রামের সংখ্যা ২০১টি। বন্যায় সাত হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। দুর্গত মানুষের মধ্যে সরকারিভাবে ১৫০ মেট্রিক টন চাল এবং পৌনে নয় লাখ টাকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
জেলার ধুনট উপজেলায় গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যমুনায় বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে শহড়াবাড়ি রাস্তা পানির স্রোতে ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশের ১২ গ্রাম প্লাবিত হয়ে প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত কোনো ত্রাণ আসেনি।
অবশ্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ মেট্রিক টন চাল ও দুই লাখ টাকার শুকনো খাবার বরাদ্দ দেওয়ার ঘোষণা এসেছে।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার নয়টি উপজেলার অর্ধশত ইউনিয়নের তিন শতাধিক গ্রামের নিম্নাঞ্চল এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানির উচ্চতা বৃদ্ধি আরও দুদিন অব্যাহত থাকতে পারে।
জেলার নয়টি উপজেলায় বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ১৬৮ মেট্রিক টন চাল এবং নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম।
গাইবান্ধায় গতকাল ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার এবং ঘাঘট নদের পানি ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে করতোয়া ও তিস্তা নদীর পানি সামান্য কমেছে।
জেলার পানিবন্দী লোকজন বিভিন্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও সড়কে আশ্রয় নিয়েছে। তবে বাঁধ ও সড়কেও মানুষের স্থান সংকুলান হচ্ছে না। ফলে অনেককে ভটভটি, রিকশা-ভ্যানসহ বিভিন্ন যানবাহনে দিন-রাত কাটাতে হচ্ছে। প্রয়োজনীয় ত্রাণও পাচ্ছে না তারা।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান বলেন, এ পর্যন্ত ১১টি ইউনিয়নে ৪৫ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকার শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
এদিকে বন্যার পানিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে গতকাল দুপুরে গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের চকমামরোজপুর গ্রামের মকছুদ মিয়া (৬০) মারা গেছেন।
পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় রাজবাড়ী সদর, কালুখালী ও পাংশা উপজেলার প্রায় সাড়ে চার হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। এ ছাড়া ভাঙনের হুমকিতে আছে প্রায় এক হাজার পরিবার। বর্তমানে পদ্মা নদীর পানি গোয়ালন্দ ঘাট এলাকায় বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৫-২০ দিন ধরে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলের গ্রামগুলোর কিছু এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে।
তবে রাজবাড়ীর জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান দাবি করেন, জেলায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিষয়টি তদারক করছেন। কারও বাড়িতে পানি ওঠার কোনো খবর আমরা পাই নাই। তথ্য থাকলে আমাদের দেবেন। আমরা ব্যবস্থা গ্রহণ করব। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুত রয়েছে। অনেক এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।’
কুড়িগ্রামে গতকাল ধরলা নদীর পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ভেঙে গেছে অনেক গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। জেলার নয়টি উপজেলার ৬৩টি ইউনিয়নের চার শতাধিক গ্রামের সাড়ে পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে ত্রাণের অভাবে সেখানেও তাদের দুর্ভোগের শেষ নেই। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তাঁরা চাহিদামতো ত্রাণ না পাওয়ায় দুর্গত মানুষের কাছে যেতে পারছেন না।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, বন্যাদুর্গত মানুষের জন্য এ পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে ২৫০ মেট্রিক টন চাল ও ৬ লাখ ৪৫ হাজার টাকা। আরও বরাদ্দ চেয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে।
শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদসংলগ্ন পাঁচটি ইউনিয়নের ২০টি গ্রাম বন্যাকবলিত হয়েছে। বন্যাকবলিত ইউনিয়নগুলো হচ্ছে চরপক্ষীমারী, চরমোচারিয়া, কামারেরচর, বলাইয়েরচর ও বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়ন। এসব ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ছয় হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে অর্ধশতাধিক বাড়ি।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা বলেন, শেরপুরের ২ হাজার ৮০০ হেক্টর জমির রোপা আমন, ১০০ হেক্টর জমির সবজি খেত বন্যার পানিতে তলিয়ে গেছে।
জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি গতকাল দুপুরে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যাদুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।
জেলার সরিষাবাড়ী উপজেলার হেলেঞ্চাবাড়ি গ্রামের দেলোয়ার হোসেন (৫০) বলেন, ‘আমার চার বিঘা জমির ধান খেত ডুইবা গেছে। পুলাপান নিয়ে কষ্টে আছি। আমাগো কেউ সাহায্য করতে আসে নাই।’
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন বলেন, অনেক চেয়ারম্যান ও মেম্বার তাঁদের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী দ্রুত বিতরণ না করে জমিয়ে রাখেন। রোববার তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত ত্রাণসামগ্রী বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে।
{সংশ্লিষ্ট এলাকায় প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি}