ত্রাণের আশায় এসে ডুবে মরল মেয়েটি
দুসপ্তাহ ধরে চারিদিকে থইথই পানি। ঘরে নেই খাবার। হঠাত্ শোনা যায়, বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকায় ত্রাণ এসেছে। খাবারের আশায় ছুটে যায় ১০ বছরের মলি খাতুন।
সন্ধ্যা ঘনিয়ে এলেও ত্রাণ আসে না। হাল ছেড়ে যখন বাড়ির পথে পা বাড়ায় মলি, অমনি বাঁধ উপচে নেমে আসা পানির তোড়ে তাল সামলাতে না পেরে বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায় সে।
গতকাল মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা-ঘুঘুমারি গ্রামে এ ঘটনা ঘটেছে। ডুবে যাওয়ার ২২ ঘণ্টা পর আজ বুধবার রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে মলির লাশ উদ্ধার করেছে।
মলি ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। সে ঘুঘুমারি গ্রামের দিনমজুর আবদুল কুদ্দুস শাহের মেয়ে।
আবদুল কুদ্দুস বলেন, ‘১৫ দিন ধরে পানিবন্দী। ছলপল লিয়া অনাহারে দিন কাটাচ্চি। অবুঝ মাইয়াটা খিদা সহ্য করতে পারেনি। ত্রাণ লিবার যাইয়া মাইয়াডা পানিতে ডুবে মরল।’
ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘মলি বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ছিল। বন্যার কারণে প্রায় দুসপ্তাহ ধরে বিদ্যালয় বন্ধ। গতকাল সন্ধ্যায় খবর পাই, মলি ত্রাণ আনতে গিয়ে নিখোঁজ হয়েছে। দুপুর আড়াইটার দিকে খবর আসে, ডুবুরিরা তার লাশ উদ্ধার করেছে।’
ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মলির প্রতিবেশী শেফালি বেগম বলেন, ‘এখন গোটা গ্রাম পানিবন্দী। নিষ্পাপ শিশুটিকে কবর দেওয়ার মতো শুকনো কোনো জায়গা এ গ্রামে নেই।’
দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের দায়িত্বে থাকা বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।