ত্রাণের আশায় পানিবন্দী মানুষ

বৃষ্টি না কমায় পানিবন্দী মানুষের দুর্দশা কাটছে না। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ারও অভিযোগ করেছেন বন্যাপীড়িত অনেক এলাকার মানুষ। বিশুদ্ধ খাওয়ার পানির অভাবেও ভুগছে ফেনী, কক্সবাজার, বান্দরবান, কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পূর্ব এলাকার বন্যাপীড়িত মানুষ। পানি কমবে—এমন আশায় এবং আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে অনেকে পরিবার ও সহায়-সম্বল নিয়ে এলাকার অপেক্ষাকৃত উঁচু রাস্তায় ঠাঁই নিয়েছেন।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নতুন করে কক্সবাজারের টেকনাফ উপজেলার ১৭ গ্রাম গতকাল বুধবার প্লাবিত হয়েছে। নোয়াখালীর সেনবাগে ও বেগমগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি। তবে কক্সবাজার ও বান্দরবানে বন্যার পানি কমতে শুরু করেছে।
কক্সবাজার: জেলা সদর, রামু ও উখিয়া উপজেলায় গতকাল থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি যাওয়ার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। এই তিন উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ এখনো পানিবন্দী। ১৫ হাজারের বেশি ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পানি কমায় গতকাল দুপুর থেকে কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল শুরু হয়েছে। চার দিন ধরে এ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার জানান, বন্যাদুর্গত জেলার কয়েক লাখ মানুষ খাবার ও পানীয় জলের সংকটে রয়েছেন। ত্রাণ তৎপরতা চললেও তা যথেষ্ট নয়। রামু ও সদর কক্সবাজার উপজেলার ৪০টির বেশি আশ্রয়কেন্দ্রে থাকা কয়েক শ শিশুর চরম দুর্ভোগ যাচ্ছে। বড়দের সঙ্গে গাদাগাদি করে থাকতে হচ্ছে ছোটদের।
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, উপজেলার নয়টি ইউনিয়নে এক লাখ মানুষ পানিবন্দী। ১০ হাজারের বেশি ঘরবাড়ি পানিতে নিমজ্জিত। তাই রান্নাবান্নাও বন্ধ। ফলে ঘরে ঘরে ত্রাণের জন্য হাহাকার চলছে।
কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, এই বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ লাখ মানুষের বিপরীতে বরাদ্দ করা হয়েছে ৪০ মেট্রিক টন চাল।
টেকনাফ: উপজেলায় নতুন করে আরও দুটি ইউনিয়নের ১৭ গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের খামার ও পুকুরের মাছ ভেসে গেছে।
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে ত্রাণ বরাদ্দের জন্য জেলায় পাঠানো হলেও এখন পর্যন্ত ত্রাণ পাওয়া যায়নি।
গতকাল সরেজমিনে দেখা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও নাফ নদীর বেড়িবাঁধের পাঁচটি ভাঙন স্থান দিয়ে হ্নীলা ইউনিয়নের আশপাশের গ্রামে ঢুকে পড়েছে।
সাবরাং ইউপির চেয়ারম্যান হামিদুর রহমান ও হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন জানান, নতুন করে হ্নীলার দমদমিয়া, লেদা, পূর্ব রঙ্গিখালী, উত্তর রঙ্গিখালী, আলীখালী, ওয়াব্রাং ও সাবরাংয়ের শাহপরীর দ্বীপ পূর্ব উত্তরপাড়া, বাজারপাড়া, মিস্ত্রিপাড়া, হাজীপাড়া, ডাঙ্গরপাড়া, কচুবনিয়া, হাদুরছড়া, কোয়াইনছড়িপাড়া, মুন্ডারডেইল, লেজিরপাড়া, আছারবনিয়া গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমনের বীজতলা, সবজিখেতের ক্ষতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের টেকনাফের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ওই এলাকার পাঁচটি স্লুইসগেট নষ্ট হয়ে পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় পাহাড়ি ঢলের পানি নামতে না পেরে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
চকরিয়া ও পেকুয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলার সাত ইউনিয়ন ও পেকুয়া উপজেলার দুই ইউনিয়ন থেকে বন্যার পানি সরছে না। পূর্ণিমার প্রভাবে সাগরে অস্বাভাবিক জোয়ার থাকায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে প্রতিদিন দুবার করে জোয়ারের পানি লোকালয়ে ঢুকছে।
চকরিয়া-বাঁশখালী-আনোয়ারা মহাসড়কের কোনাখালী এলাকায় গিয়ে দেখা যায়, মানুষ তাঁবু টানিয়ে সড়কের ওপর আশ্রয় নিয়েছে। সেখানে আশ্রয় নেওয়া বৃদ্ধ শফিউল্লাহ জানান, পানি না সরায় ঘরে ফিরতে পারছেন না তাঁর পরিবার। নুরে হাবিবা নামের এক গৃহবধূ বলেন, ‘গাড়িতে করে অনেকে এসে চিড়া, মুড়ি, গুড় ও মাঝেমধ্যে চাল দিচ্ছে। এসব খেয়ে কোনোরকমে বেঁচে আছি।’
কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল হক জানান, ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্র, উঁচু ভবন ও মহাসড়কের ওপর আশ্রয় নিয়েছে।
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোস্তম আলী বলেন, তাঁর ইউনিয়নের ৯৫ ভাগ এলাকা এখনো পানির নিচে। দ্রুত বেড়িবাঁধের ভাঙা অংশ সংস্কার না করলে কৃষকেরা ফসল ফলাতে পারবেন না এবং যাঁরা আশ্রয়কেন্দ্রে রয়েছেন, তাঁরাও ঘরে ফিরতে পারবেন না।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, পেকুয়া সদর ও শিলখালী ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম পানির নিচে রয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে উপজেলার সাতটি ইউনিয়ন প্লাবিত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ফেনী: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতি গত তিন দিন অপরিবর্তিত রয়েছে। হাজারো মানুষ এখনো পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ত্রাণসামগ্রী বরাদ্দ করা হলেও তা প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।
দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির জানান, গত তিন দিন উপজেলার ছয়টি ইউনিয়নের বেশির ভাগ গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁঞা অভিযোগ করেন, গত পাঁচ দিন তাঁর ইউনিয়নের ১০টি গ্রামের মানুষ পানিবন্দী। কিন্তু এলাকায় কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি।
দাগনভূঞা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জামশেদ খোন্দকার জানান, গত মঙ্গলবার উপজেলার ৬৫০ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবাইকে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, তাঁর ইউনিয়নের ১০ গ্রাম গত পাঁচ দিন পানিতে প্লাবিত। উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংসদের পক্ষ থেকে কিছু ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ফেনী, ফুলগাজী ও দাগনভূঞা বন্যাদুর্গত এলাকায় ত্রাণ হিসেবে ১০ মেট্রিক টন করে ৩০ টন চার বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী প্রামাণিক বলেন, পানি কমলে বেড়িবাঁধের পাঁচটি ভাঙন স্থান মেরামত করা হবে।
নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে বন্যা ও বেগমগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান জানান, বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট পানির নিচে রয়েছে। ৩১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এলাকার বেশির ভাগ রাস্তাঘাট ডুবে গেছে।
বান্দরবান: পানি কমায় জেলা শহরের আশ্রয়কেন্দ্রগুলো থেকে কিছু পরিবার বাড়িতে ফিরে গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনসুরুর রহমান বলেছেন, পর্যাপ্ত না হলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ৮০ টন খাদ্যশস্য ও ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল আরও ১০০ টন চাল ও তিন লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আমনের বেশির ভাগ বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।
সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান জানান, এবার সাতকানিয়ায় ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব জমিতে আমন আবাদের জন্য ৭০৮ হেক্টর জায়গায় বীজতলা করা হয়। কিন্তু ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে বিভিন্ন এলাকার ৫২০ হেক্টর আমন বীজতলা এখনো ডুবে আছে।
উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকার কৃষক জামাল হোসেন জানান, তাঁর দুই একর জমির আমনের বীজতলা ডুবে সব চারা পচে গেছে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, ফেনী, নোয়াখালী অফিস, বান্দরবান প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার) ও সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি)