বন্যায় ঘরদোর ভেসে গেছে অঞ্জলি রানী বিশ্বাসের (২৫)। সবকিছু হারিয়ে উঠেছেন আশ্রয়কেন্দ্রে। গতকাল বুধবার ছয় কেজির মতো সরকারি ত্রাণের গম পেয়েছেন। কিন্তু পেয়েই যেন আরও বিপাকে পড়েছেন তিনি।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার এই বানভাসি নারী বললেন, ‘ছয় কেজির মতো গম পাইছি। গম শুকাইতাম কই? ভাঙাইতাম কই? ভাঙাইতে কেজিত পাঁচ টাকা লইলায়। টেকা পাইতাম কই?’
মৌলভীবাজারের রাজনগর ও জুড়ী উপজেলার বানভাসি বহু মানুষ আশপাশের আশ্রয়কেন্দ্রে উঠেছে। তাঁদের অনেকে ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন।
অঞ্জলির মতো ২৫টি বানভাসি পরিবার আশ্রয় নিয়েছে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে গতকাল বিকেল পাঁচটার দিকে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম, উত্তরভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান প্রমুখ।
আশ্রয়কেন্দ্রে থাকা মিলন রানী বিশ্বাস বলেন, ‘এখানে এক মাস ধরি আছি। আইজই প্রথম চার-পাঁচ কেজি গম পাইছি।’
উত্তরভাগ ইউনিয়নের কালারবাজারের বাসিন্দা আবদুল আলীম প্রথম আলোকে বলেন, এই বাজারের বিভিন্ন এলাকা গত ১৮ জুন থেকে পানিতে তলিয়ে আছে। ৭০টির মতো স্থায়ী দোকান বন্ধ। খুচরা অন্তত আড়াই শ দোকান বাজারে বসতে পারছে না।
উত্তরভাগ ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। সব মিলিয়ে প্রায় আট হাজার মানুষ পানিবন্দী। রাস্তাঘাট ডুবে আছে।
উত্তরভাগ ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য রত্না বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার ওয়ার্ডের অবস্থাই বেশি খারাপ। মানুষজন খুবই কষ্টে আছে। তেমন সাহায্যও করতে পারছি না।’ ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মজনুর রহমান বলেন, ‘ত্রাণ পাই ১০০ জনের। কিন্তু ত্রাণ পাওয়ার মতো মানুষ ৩০০ জন। এ অবস্থায় কেউ পায়, কেউ পায় না।’
উত্তরভাগের পাশাপাশি রাজনগরের ফতেহপুর, পাঁচগাঁও ও মুন্সীবাজার ইউনিয়ন কুশিয়ারা নদী ও কাউয়াদীঘি হাওর-সংলগ্ন। এই ইউনিয়নগুলোতেই বন্যা দেখা দিয়েছে। ফতেহপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ফিরোজা বেগম (৫৫) প্রথম আলোকে বলেন, ‘ঘরে পানি। বড় কষ্টে আছি। চৌকির ওপর থাকি। এখনো কোনো সাহায্য পাইনি।’
ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ বলেন, এ ইউনিয়নের প্রায় সব কটি গ্রামই কমবেশি পানিবন্দী। ত্রাণ হিসেবে পাঁচ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু ক্ষতির তুলনায় তা কিছুই না।
রাজনগরের ইউএনও শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা পাঁচ-ছয় কিস্তিতে ৭৫ মেট্রিক টন চাল ও নগদ ৩ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করেছি। কেউ কেউ বলছে পাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখছি।’
এদিকে জুড়ী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম দফায় এপ্রিলের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার হাকালুকি হাওরের ৪ হাজার ৭৫০ একর জমির বোরো ফসল তলিয়ে যায়। মে ও জুনে আরও দুই দফা অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে জায়ফরনগর, পশ্চিম জুড়ী, সাগরনাল, ফুলতলা, গোয়ালবাড়ী ও পূর্ব জুড়ী ইউনিয়নের ২২টি গ্রামের ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এর মধ্যে হাওরপারের জায়ফরনগর ও পশ্চিম জুড়ীতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
জুড়ীর জায়ফরনগর উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রের বারান্দায় দাঁড়িয়ে শাড়ির আঁচলে চোখ মুছছিলেন পাশের গোবিন্দপুর গ্রামের তেজবালা বিশ্বাস (৪০)। কাঁদতে কাঁদতেই জানালেন, তাঁদের চার বিঘা জমির ধান ও ঘরবাড়ি পানিতে ভেসে গেছে। গত পাঁচ দিনে দুবার ত্রাণ পেয়েছেন। কিন্তু ত্রাণ নিয়ে আর কত দিন চলবে?
এ আশ্রয়কেন্দ্রে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ৫৪টি পরিবার উঠেছে। সামনের ফসল না ওঠা পর্যন্ত সময়টা কীভাবে পার হবে, সবাই সেই চিন্তাই।
উপজেলার শিমুলতলা গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তায় চার-পাঁচ ফুট পানি। প্রতিটি বাড়ির মানুষ পানিবন্দী। স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান (৬০) বলেন, ‘রইদ (রোদ) উঠলে পানি কমে। আর বৃষ্টি নামলেই আবার বাড়ি যায়। নৌকা ছাড়া চলার কোনো উপায় নাই।’
জাফরনগর ইউপির চেয়ারম্যান মাছুম রেজা ও পশ্চিম জুড়ী ইউপির চেয়ারম্যান শ্রীকান্ত দাস বলেন, তাঁদের এলাকার অধিকাংশ মানুষ এখন পানিবন্দী। চারটি আশ্রয়কেন্দ্রে ৬৭টি পরিবার উঠেছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন। যখনই সরকারি বরাদ্দ পাওয়া যাচ্ছে, দ্রুত তা দুর্গত মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।
ইউএনও মিন্টু চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনের কাছ থেকে ত্রাণ বরাদ্দ এলেই ক্ষতিগ্রস্ত এলাকার ইউপি চেয়ারম্যানদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যাপারে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।