ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ, ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ত্রাণের ১৮ বস্তা চাল আত্মসাতের অভিযোগ তুলে গতকাল বুধবার দুপুরে জনতা ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে। জনতার বিক্ষোভের মুখে চেয়ারম্যান চাল ফেরত দেন এবং ক্ষমা চান।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘিলাছড়া ইউনিয়নের বন্যার্ত মানুষের জন্য বরাদ্দ হওয়া ১৬ মেট্রিক টন চাল গত মঙ্গলবার উপজেলা খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন ওই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ বাবুল। ১৮৮ বস্তায় ভরা ওই চালের ১৮ বস্তা আশরাফ সরিয়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। গতকাল সকালে ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল নিতে আসে বন্যার্ত লোকজন। ত্রাণের ১৮ বস্তা চাল চেয়ারম্যান বিক্রি করে দিয়েছেন—এ কথা ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। এ সময় কয়েক শ নারী-পুরুষ চেয়ারম্যান আশরাফের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে জনতা ইউনিয়ন পরিষদের কার্যালয় ঘেরাও করে চেয়ারম্যান আশরাফকে অবরুদ্ধ করে রাখে। এ সময় ঘিলাছড়া-ঘাটের বাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।বিক্ষোভের খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ছুটে আসেন ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান। তিনি ক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। এরই মধ্যে চেয়ারম্যান আশরাফ সরিয়ে ফেলা ১৮ বস্তা চাল ফেরত আনান এবং উপস্থিত জনতার কাছে ক্ষমা চেয়ে চাল বিতরণ শুরু করেন।ঘিলাছড়া গ্রামের জমির আলী (৫৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রিলিফের চাউল ১০ কেজি করিয়া দেওয়ার কথা থাকলেও চেয়ারম্যান পাঁচ কেজির বেশি দেন না।’বাদেদেউলী গ্রামের ফাতেমা বেগম (৬৭) বলেন, ‘পাঁচ-ছয় কেজির বেশি চাউল আমরারে দেয় না, ইতা দেখার কেউ নাইনি?’এ ব্যাপারে আশরাফ বাবুল বলেন, ‘চাল বহনকারী ট্রাক নষ্ট হওয়ায় ফেঞ্চুগঞ্জ বাজারের এক চাল ব্যবসায়ীর গুদামে চাল রেখেছিলাম।’ ত্রাণের চাল অন্যের গুদামে রাখার আগে কেন ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রশাসনের লোকজনকে জানালেন না জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি।’ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান বলেন, ত্রাণের চাল ব্যবসায়ীর গুদামে রাখার আগে প্রশাসনকে জানানো হয়নি। বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।