ত্রাণের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় ঈদ ও মহাসেনের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাথরঘাটা পৌরসভার নয়টি ওয়ার্ডে চাল বিতরণের সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ অভিযোগ করেছেন। পাথরঘাটা পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডে ঈদ উপলক্ষে তিন হাজার ১৮১ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। বরাদ্দ করা চাল রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত বিতরণ করা হয়েছে। পাথরঘাটার বিষখালী নদীর তীরের ইসমাইল হোসেন, মো. সেলিম ও ছোটন সাজ্জাল অভিযোগ করেন, ঈদ উপলক্ষে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণের কথা থাকলেও বিতরণ করা হয়েছে আট থেকে নয় কেজি করে। আর ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি ৩০ কেজি চাল বরাদ্দ করা হলেও বিতরণ করা হয়েছে ১৭ থেকে ২২ কেজি করে চাল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান খান বলেন, কাউন্সিলরদের উপেক্ষা করে মেয়র মল্লিক মোহাম্মদ আইউব এ চাল আত্মসাৎ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে মল্লিক মোহামঞ্চদ আইউব বলেন, ‘চাল ওজনে কম দেওয়ার ঘটনা সত্য নয়। এটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।’ এ ব্যপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার বলেন, চাল ওজনে কম দেওয়ার কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিমাণমতো চাল বিতরণে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিতরণ করা চাল ওজনে কম দেওয়ার ঘটনায় কেউ অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।