ত্রাণের চাল কালোবাজারে
‘ভাই, চাউলের দোকানে গিয়া কম দামের চাউল চাইতেই দোকানদার বলল, চাউল আছে, ত্রাণের চাউল। ৫০ কেজির এক বস্তা চাউল কিনলে ৩৮ টাকা করে কেজি পড়ব। চাউলডা একটু ভালো হওয়ায় ৫০ কেজির এক বস্তা চাউল কিনে নিয়া আইছি বিসিকের একটা চাউলের দোকান থিক্যা।’ কথাগুলো বলছিলেন মাদারীপুর শহরের শহীদ মানিক সড়কের বাসিন্দা রঞ্জন কুমার।মাদারীপুরের বিসিক শিল্পনগরসহ শহরের বিভিন্ন চালের দোকানে সরেজমিনে ঘুরে দেখা গেছে, শতাধিক চালের দোকানের মধ্যে কমপক্ষে ২০ থেকে ২৫টি চালের দোকানে অন্যান্য চালের পাশাপাশি সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সিলকৃত বস্তায় সারি সারি সাজানো রয়েছে ত্রাণের চাল।শহরের এক চাল ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, ‘ভাই, সবচেয়ে কম দামের চালটা একটু মোটা ধরনের হবে। ৫০ কেজি হিসাবে প্রতি বস্তার দাম হবে এক হাজার ৭০০ টাকা। এ ছাড়া ত্রাণের চাল আছে, পাকিস্তানের চাল। সরু আকৃতির। ভাতটাও ভালো হবে। আমি নিজে খেয়েছি এই চালের ভাত। ৫০ কেজির প্রতি বস্তার দাম পড়বে এক হাজার ৯০০ টাকা।’ ত্রাণের চাল কোথা থেকে সংগ্রহ করেছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই, সবাই বিক্রি করছে। আমি করছি। এই চালটা মূলত ওএমএস চালের ডিলারদের মাধ্যমে বাজারে আসে।’গত ২৯ মার্চ বিকেলে মাদারীপুর খাদ্য অফিসে গিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রককে না পেয়ে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা সোলায়মান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই মাসে খাদ্য অধিদপ্তর থেকে কোনো ধরনের টিআর দেওয়া হয়নি। তবে খোলা বাজারে ডিলারদের মাধ্যমে গরিব মানুষদের বিতরণের জন্য কম মূল্যে ২৪ টাকা দরে ওএমএস চাল ও ইউপি চেয়ারম্যানদের গ্রামের হতদরিদ্রদের মাঝে বিনা মূল্যে চাল বিতরণের জন্য ভিজিডি দেওয়া হয়েছে। তবে ত্রাণের চাল কীভাবে পাইকারি দোকানগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে—প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে অবশ্যই খোঁজ নিয়ে দেখা হবে।