ত্রাণের চাল চুরির দায়ে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি
মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি

ত্রাণের চাল চুরির দায়ে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ কথা জানান তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, ত্রাণের চাল চুরির অভিযোগে যাঁরা একবার অভিযুক্ত হয়েছেন বা অপরাধী হিসেবে শাস্তি পেয়েছেন, তাঁরা যাতে ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সে ব্যাপারে সংসদে আইন করার চেষ্টা করা হবে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘অসহায় মানুষের ত্রাণের এক ছটাক চাল নিয়েও কোনো অনিয়ম হোক, সেটা চাই না। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ আসে, তদন্তে প্রমাণিত হয়, তাহলে প্রশাসন যেন তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সর্বোচ্চ শাস্তি দেয়। আর চাল চুরিতে দলের (আওয়ামী লীগ) কারও যদি জড়িত থাকার বিষয় প্রমাণ পাওয়া যায়, তাঁকে তাৎক্ষণিকভাবে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে হানিফ বলেন, নম্র-ভদ্র ভাষায় বুঝিয়ে বলার দিন শেষ। এখন একটু শক্ত হতে হবে। শক্ত অবস্থান নিলে মানুষ ঘরে থাকবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্ত ভূমিকা রেখে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।

সভায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আ ক ম সরওয়ার জাহান, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, সেনাবাহিনীর প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান তাপস, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।