ত্রাণের চাল মজুত রাখায় আড়ত সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলা প্রশাসন খালপাড়ের এক ব্যবসায়ীর চালের আড়ত সিলগালা করেছে। ওই আড়তে বিপুল পরিমাণ কাবিখা ও ত্রাণের খাদ্যশস্য মজুত পাওয়া গেছে। ব্যবসায়ীর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।

ভোলা জেলা প্রশাসকের রাজস্ব শাখা সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে ভোলার অধীনে গুচ্ছগ্রাম নির্মাণের জন্য লালমোহন উপজেলায় ২১টি প্রকল্পে প্রায় ৩ হাজার ৩১৪ মেট্রিক টন, তজুমদ্দিন উপজেলায় ২৪টি প্রকল্পে প্রায় ৫ হাজার ৩৮৮ মেট্রিক টন, মনপুরা উপজেলায় ৪টি প্রকল্পে প্রায় ৯৫৪ মেট্রিক টন, দৌলতখান উপজেলায় ৪টি প্রকল্পে প্রায় ৯৭৬ মেট্রিক টন, চরফ্যাশন উপজেলায় ১৬টি প্রকল্পে প্রায় ৩ হাজার ৪৪৪ মেট্রিক টন খাদ্যের বিনিময়ে মাটির কাজ হয়েছে। মাটি ভরাটের পরে চলতি অর্থবছরে গৃহনির্মাণের কাজ হবে। এ খাদ্য কাবিখার নিয়মে বণ্টন হয়েছে।

কাবিখার (কাজের বিনিময়য়ে খাদ্য) নীতিমালায় উল্লেখ করা আছে, শুধু মাটির কাজের ক্ষেত্রে খাদ্য বিক্রি করে নগদায়ন করা যাবে না। তবে মাটির কাজের সঙ্গে নির্মাণসামগ্রী ব্যবহার বা কেনার প্রয়োজন হলে খাদ্য বিক্রি করে নগদায়ন করা যাবে।

খাদ্য বিভাগের গুদাম কর্মকর্তা, চাল ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাস্তবায়িত প্রকল্পের আওতায় বরাদ্দ হওয়া খাদ্যশস্য প্রকল্প কমিটির সভাপতি আড়তদারদের কাছে জুনের আগে কম দামে বিক্রি করে নগদ টাকা নিয়েছেন। ওই চাল সরকারি গুদামে ও নিজস্ব গুদামে জমা ছিল। দাম বাড়লে আড়তদারেরা এখন বেশি দামে বাজারে ছাড়ছেন। ব্যবসায়ীরা দাম বাড়ার পর ভোলার বাইরের বাজারে চাল বিক্রি করছেন। ভোলার কমপক্ষে ১০ জন আড়তদার প্রতিদিন খালপাড় থেকে ট্রাকে ভরে চাল ভোলার বাইরে লক্ষ্মীপুর ও বরিশাল পাঠাচ্ছেন। এ ছাড়া লালমোহন, চরফ্যাশন ও মনপুরা থেকে মালবাহী জাহাজে করে চাল বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার নজরুল নগর-১ ও নজরুল নগর-২ নামক প্রকল্পের সভাপতি। তিনি বলেন, আজকাল গুচ্ছগ্রাম বাস্তবায়নে মাটির কাজ শ্রমিক দিয়ে করলে পোষায় না। এক্সকাভেটর নামক যন্ত্র দিয়ে এটি বাস্তবায়ন করতে হয়। কিন্তু এক্সকাভেটর তো আর চাল-গম খায় না। তাই বাধ্য হয়ে নিয়মের চাল অনিয়ম করে বেচতে হয়।

ভোলা সদরের ইউএনও মৃধা মো. মোজাহিদুল ইসলাম বলেন, গত শনিবার রাতে খালপাড় সড়কে মেসার্স ইসলাম ব্রাদার্স সিলগালা করা হয়েছে। ওই চালের আড়তে প্রায় ৮২ মেট্রিক টন সরকারি গুদামের খাদ্যশস্য পাওয়া গেছে।

ইউএনও আরও বলেন, সরকারি গুদাম ছাড়া কোনো প্রতিষ্ঠানে, আড়তে বা পরিত্যক্ত স্থানে সরকারি (খাদ্য বিভাগের সিল দেওয়া) খাদ্য মজুত রাখা বেআইনি। তাই ওই প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

মেসার্স ইসলাম ব্রাদার্সের পরিচালক আমিনুল ইসলাম বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। খালপাড়ের অনেক ব্যবসায়ী সরকারি টিআর, কাবিখাসহ ত্রাণের চাল কেনেন। জেলার বাইরে পাঠান। তাঁদের কেউ কিছু বলে না।