ত্রাণের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডু​লী ইউনিয়নের বন্যাদুর্গত মানুষ ত্রাণ সহায়তার অপেক্ষায় বে​িড়বঁাধের পাশে দঁাড়িয়ে অপেক্ষা করছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডু​লী ইউনিয়নের বন্যাদুর্গত মানুষ ত্রাণ সহায়তার অপেক্ষায় বে​িড়বঁাধের পাশে দঁাড়িয়ে অপেক্ষা করছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

টানা ১১ দিনের বন্যায় বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি ডুবে যাওয়ায় জামালপুরের পাঁচটি উপজেলার লাখো মানুষ চরম কষ্টে রয়েছে। বাঁধ ও উঁচু রাস্তাসহ বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে তারা।
দুর্গত এলাকাগুলোতে ত্রাণের জন্য চলছে হাহাকার। বিশেষ করে শিশুখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। গত শনি ও গতকাল রোববার বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র পাওয়া যায়।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জামালপুর কার্যালয়ের কর্মকর্তা আবদুল মান্নান জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে ১২ সেন্টিমিটার পানি কমে গতকাল বিকেলে বিপৎসীমার ১০১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বন্যার কারণে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ইসলামপুর। এ উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া, বলিয়াদহ, আমতলী, ডেবরাইপ্যাচ, চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ বামনা, পশ্চিম বামনা, দেওয়ানপাড়া, আজমবাগ, নতুনপাড়া, পাথর্শী ইউনিয়নের বানিয়াবাড়িসহ বিভিন্ন এলাকার দুই লক্ষাধিক মানুষ এখন বানভাসি।
চিনাডুলী ইউনিয়নের শিংভাঙা বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার। সেখানকার ১০-১২ জন নারী ক্ষোভের সঙ্গে বললেন, সবকিছু ছেড়ে তাঁরা এখানে আশ্রয় নিলেও আজ পর্যন্ত কেউই তাঁদের জন্য ত্রাণ নিয়ে আসেননি। গোলাপী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত ১১ দিন পুলার বাব (তাঁর স্বামী) কামে যাইতে পারেনি। আমরা তো বড় মানুষ। দিনে একবেলা চিড়া-মুড়ি খেয়ে বা না খেয়েও থাকতে পারি। কিন্তু ঘরে এক বছরের পুলা আছে। কয়টা টেকা ছিল। সেই দিয়ে সুজি কিনেছিলাম। সুজি ফুরায়া যাওয়ার পর পুলার যখন খিদা লাগে, তার কান্নায় আমার চোখ দিয়ে পানি বের হয়। কেউ তো পুলাপানগরের জন্য ত্রাণ দেয় না।’
চিনাডুলী বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর গবাদিপশুর সঙ্গেই বসবাস করছে বানভাসি মানুষ। সাদিয়া আক্তার নামের এখানকার এক মধ্যবয়সী নারী বলেন, ‘দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। কয়েক দিন আগে এলাকার চেয়ারম্যান ১০ কেজি চাল দিয়েছেন। কিন্তু শিশুদের জন্য কেউ কিছুই দেয় না। এই বানের মধ্যে আমরা শিশুর খাবার কই পাব?’
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় শিশুদের জন্য ত্রাণসামগ্রী বিতরণের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়ে আমাদের কাছে কোনো এলাকা থেকে চাহিদা পাঠানো হয়নি। এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’