ত্রাণের জন্য হাহাকার, বাড়ছে কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়ার বদরখালী এলাকায় পানিতে ডুবে আছে ঘরবাড়ি। ছবিটি গত শুক্রবার বিকেলে তোলা ।
চকরিয়ার বদরখালী এলাকায় পানিতে ডুবে আছে ঘরবাড়ি। ছবিটি গত শুক্রবার বিকেলে তোলা ।

বন্যায় পানিবন্দী মানুষের কষ্ট বেড়েই চলেছে। সড়ক ডুবে থাকায় পেঁৗছাচ্ছে না ত্রাণ। নলকূপ ডুবে থাকায় দেখা দিয়েছে খাওয়ার পানির সংকট। বানভাসি মানুষের দিন কাটছে অনাহারে। ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। আমাদের িনজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজার: টানা ছয় দিনের ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে কক্সবাজার জেলার আট উপজেলার অন্তত ছয় লাখ মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে। পাঁচ শতাধিক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া এক লাখের বেশি মানুষ অর্ধাহারে-অনাহারে থাকছে। হাজারো নলকূপ বন্যার পানিতে ডুবে থাকায় খাওয়ার পানির তীব্র সংকট চলছে।
কক্সবাজার রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল জানান, গত ২৫ জুন ও ২৬ জুলাই সৃষ্ট দুই দফার বন্যায় জেলার আটটি উপজেলায় ৩০ হাজারের বেশি ঘরবাড়ি ভেঙে গেছে। এ কারণে দেড় লাখের মতো মানুষ গৃহহীন। তাদের বেশির ভাগ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছে। অন্যদিকে গতকাল পর্যন্ত পানিবন্দী রয়েছে প্রায় ছয় লাখ মানুষ।
গতকাল শনিবার সকালে রামু সদরের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, মানুষের মধ্যে ত্রাণের হাহাকার চলছে। কয়েকজন জনপ্রতিনিধি নিজ উদ্যোগে বন্যাদুর্গতদের শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ করছেন। কিন্তু সরকারিভাবে তেমন কিছু দেওয়া হচ্ছে না।
রামু কেন্দ্রীয় সীমা বিহারে আশ্রয় নিয়েছে শতাধিক গৃহহীন মানুষ। এখানে কথা হয় ফতেখারকূলের চাষি নবী হোসেনের সঙ্গে। তিনি জানান, চার দিন আগে বাঁকখালী নদীর ঢলের পানিতে তাঁর বাড়িটি বিলীন হলে তিনি পরিবারের সদস্যদের নিয়ে এই বৌদ্ধবিহারে আশ্রয় নেন। কিন্তু এ পর্যন্ত কেউ খোঁজ নেয়নি।
পশ্চিম চাকমারকূল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা গেল, আড়াই শতাধিক নারী ও শিশুর কষ্ট। স্থানীয় শাহমদেরপাড়ার মাহবুবুর রহমান ও রিজিয়া বেগম বলেন, ‘গত রোববার সন্ধ্যা থেকে ছেলেমেয়েদের নিয়ে এখানে আছি। সোমবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ছৈয়দ নূর পরিবারপ্রতি আধা কেজি চিড়া ও কিছু গুড় দিয়ে গেছেন। এরপর এই কেন্দ্রের আড়াই শ নারী-শিশু অনাহারে থাকছে। কেউ খবর নিচ্ছে না।’
এ ছাড়া রামু উপজেলার ২০টির বেশি গ্রামীণ সড়ক বন্যার পানিতে ডুবে থাকায় লোকজনকে নৌকা নিয়ে চলাচল করতে হচ্ছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, সরকারিভাবে এখনো কোনো ত্রাণ পাওয়া যায়নি। তারপরও মানুষের দুঃখ–দুর্দশা দেখে বসে থাকা যাচ্ছে না।
কক্সবাজার সদর উপজেলা, উখিয়া ও কুতুবদিয়া উপজেলাতেও একই সমস্যা। তিন উপজেলায় অন্তত দুই লাখ মানুষ পানিবন্দী। সেখানেও খাবার ও পানীয় জলের সংকট চলছে।
কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। আরও ৭৫০ মেট্রিক টন চাল ও ৭৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
চকরিয়া : কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার ১১ ইউনিয়নের ২৪৬ গ্রামের দুই লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। পাহাড়ি ঢল ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে এসব গ্রাম প্লাবিত হয়। গত ২৪ জুলাই থেকে গতকাল শনিবার পর্যন্ত এসব এলাকা পানিতে ডুবে রয়েছে।
প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৪ জুলাই অতিরিক্ত বৃষ্টিপাতে মাতামুহুরী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে পেকুয়া সদর ইউনিয়ন ও শিলখালী ইউনিয়নের অন্তত ৫৬ গ্রাম প্লাবিত হয়। ডুবে যায় অভ্যন্তরীণ সব সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ি। ২৫ জুলাই পূর্ণিমার জোয়ারে ভেঙে যায় চকরিয়ার বিএমচর ইউনিয়ন ইউনিয়নের কন্যারকুম এলাকার ৬০০ ফুট বেড়িবাঁধ। একই দিন চিরিঙ্গা সওদাগরঘোনার ২৫০ মিটার বেড়িবাঁধও জোয়ারের তীব্রতায় ভেঙে যায়। কন্যারকুম বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে বিএমচর, কোনাখালী, বদরখালী, ঢেমুশিয়া, পশ্চিমবড় ভেওলা, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অন্তত ১৪০টি গ্রাম তলিয়ে যায়। একই সঙ্গে সওদাগরঘোনা বেড়িবাঁধ ভেঙে প্লািবত হয় চিরিঙ্গা ইউনিয়নের অন্তত ১২টি গ্রাম। সর্বশেষ ঘূর্ণিঝড় কোমেনে গত বৃহস্পতিবার পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া ও চকরিয়ার খুটাখালী এলাকার বেড়িবাঁধ এবং শুক্রবার পেকুয়ার মগনামা ইউনিয়নের কাকপাড়া, শরৎঘোনা ও চেপ্টাখালী এলাকার বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ওই তিন ইউনিয়নের ৩৮টি গ্রাম প্লাবিত হয়। এসব গ্রাম এখনো পানিবন্দী।
গতকাল শনিবার সকালে কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামের বসতঘরগুলোতে কোমরসমান পানি। কোনো কোনোটিতে চালা পর্যন্ত পানি। কিছু কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। ঘরের মধ্যে লোকজন থাকার সুযোগ নেই। পরিবারের সদস্যদের আশ্রয়কেন্দ্র বা পাশের আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া মহাসড়কের ওপর আশ্রয়ে পাঠিয়ে অনেককে চুরি–ডাকাতির ভয়ে ঘরের চালার ওপর থাকতে দেখা গেছে।
কোনাখালী এলাকায় মহাসড়কের ওপর আশ্রয় নেওয়া কামরুন্নাহার বলেন, ‘এক সপ্তাহ ধরে সড়কের ওপর তাঁবু টানিয়ে আশ্রয় নিয়েছি। খাবার ও পানির সংকটে থাকলেও ত্রাণ নিয়ে এগিয়ে আসছে না কেউ।’
সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে চিরিঙ্গা ইউনিয়নের ১২টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ। সব ঘরবাড়িই পানির নিচে রয়েছে। অভ্যন্তরীণ সব সড়ক পানির নিচে থাকায় সেখানে ত্রাণ নিয়ে যেতেও সমস্যা হচ্ছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ ছাবের বলেন, ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হয়ে কিছু রোগী চিকিৎসা নিতে আসছেন। এর মধ্যে বেশির ভাগই শিশু। তবে উপজেলার সব এলাকায় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রাথমিক কিছু ওষুধপত্র পাঠানো হয়েছে।
এদিকে ঘরবাড়ি, রাস্তাঘাট প্লাবিত হওয়ার পাশাপাশি পেকুয়া উপজেলার উজানটিয়া ও মগনামা ইউনিয়নের সব মৎস্য ঘের জোয়ারের পানিতে একাকার হয়ে গেছে। গত বৃহস্পতি ও শুক্রবার বেড়িবাঁধ ভেঙে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ‘সদ্য সংস্কার করা এসব বেড়িবাঁধের মাটি কাঁচা থেকে যাওয়ায় অতিরিক্ত বৃষ্টি, জোয়ার ও পাহাড়ি ঢলের পানির তীব্রতায় ভেঙে গেছে। এখন অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি কমলেই বেড়িবাঁধ সংস্কারকাজ শুরু হবে।’
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, ‘আট দিন ধরে দ্বিতীয় দফার বন্যায় লোকজন পানিবন্দী হয়ে পড়লেও সরকারি ত্রাণ সহায়তা পাওয়া যাচ্ছে না। মানুষ চরম কষ্টে আছে, উপোষ রয়েছে।’
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ‘চকরিয়ার উপকূলীয় সাত ইউনিয়নের বন্যাদুর্গত মানুষ নিরাপদে আশ্রয়কেন্দ্র, উঁচু ভবন ও মহাসড়কের ওপর তাঁবু টানিয়ে আশ্রয় নিয়েছে। বন্যাদুর্গত এসব লোকজনের মধ্যে ইতিমধ্যে ৭০ টন চাল বিতরণ করা হয়েছে। এখানে আরও ত্রাণ দরকার।’
টেকনাফ: টেকনাফে পানিবন্দী মানুষ খাওয়ার পানির সংকটে পড়েছে। দূর–দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। বাড়িঘর বিধ্বস্ত হয়ে ভেসে গেছে জিনিসপত্র। কোনো রকমে আশ্রয়কেন্দ্রে অবস্থান করায় রান্নাবান্নাও বন্ধ। খেয়ে না–খেয়ে দিন কাটছে এসব মানুষের। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ত্রাণ তৎপরতা নেই।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গত শুক্রবার পূর্ণিমার জোয়ারে টেকনাফ পৌরসভা, সাবরাং ও সেন্ট মার্টিনের নতুন করে আরও ৪৫টি গ্রামের অনেক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ফলসিজমি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ জানান, বন্যার পানিতে উপজেলার অন্তত ৪৫টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। চার দিন ধরে ওসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে এখনো ত্রাণ তৎপরতা শুরু হয়নি। ফলে অনাহারে রয়েছে বানভাসি মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের টেকনাফের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, শাহপরীর দ্বীপ থেকে উনচিপ্রু পর্যন্ত ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বেড়িবাঁধের ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়ে লোকালয়ে প্রবেশ করে। এতে এসব এলাকা তিন থেকে চার ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। ভেঙে গেছে কয়েকটি স্থানের বেড়িবাঁধ। এগুলো মেরামত করার জন্য একটি প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ঘূর্ণিঝড় ও বন্যাদুর্গত এলাকার লোকজন গরু-ছাগল, হাঁস-মুরগি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও উঁচু ভবনে আশ্রয় নিয়েছে। তাঁরাও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন।
উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া হামিদা খাতুন, রশিদ আহমদ ও আমির হামজা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘূর্ণিঝড় কোমেনের সংকেত পেয়ে গত বুধবার রাতে আশ্রয়কেন্দ্রে চলে আসি। তখন এখানে পাঁচ শতাধিক মানুষ অবস্থান করছিল। কিন্তু শুক্রবার সকালে পূর্ণিমার জোয়ারে প্লাবিত হওয়ায় ওসব এলাকা থেকে আরও দেড় শতাধিক মানুষ এখানে আসে। কিন্ত এখানে কোনো সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চেয়ারম্যান কেউ আমাদের খোঁজ নিতে আসেননি। আশপাশের দোকান থেকে সামান্য শুকনো খাবার কিনে কোনো রকমে ছেলেমেয়েদের খাওয়ালেও নিজেরা না খেয়ে আছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার আলম বলেন, প্লাবিত এলাকার লোকজন যেখানে-সেখানে পানি পান করায় বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে। ওসব এলাকা থেকে ডায়রিয়া ও চর্মরোগ নিয়ে কিছু রোগী আসছে। তার মধ্যে বেশির ভাগ শিশু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন জানান, বন্যাদুর্গতদের জন্য ইতিমধ্যে ১৭ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে এসব চাল বিতরণ করা হবে।