ত্রাণের টিনে ইউপি সদস্যের ঘর মেরামত!
যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের সংরক্ষিত ৩ (৭, ৮ ও ৯) নম্বর ওয়ার্ডের নারী সদস্য রহিমা বেগমের বিরুদ্ধে এক ভ্যানচালকের ত্রাণের টিন আত্মসাতের অভিযোগ উঠেছে। আত্মসাৎ করা টিন ফেরত পেতে ওই ভ্যানচালক উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন। লিখিত অভিযোগে ভ্যানচালক জানান, পাঁচ থেকে ছয় মাস আগে শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ভ্যানচালক নুর ইসলাম সরকারের ত্রাণ তহবিল থেকে নয় ফুটের আটটি টিন পান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে রহিমা বেগমের উপস্থিতিতে তিনি টিনগুলো বুঝে নেন। এরপর রহিমা বেগম নুর ইসলামকে কৌশলে বুঝিয়ে টিনগুলো নিজের বাড়িতে নিয়ে যান।
পরবর্তী সময়ে ওই টিন দিয়ে রহিমা বেগম নিজের ঘর মেরামত করেন। কয়েক দিন আগে নুর ইসলাম তাঁর ঘর মেরামতের জন্য রহিমা বেগমের কাছে টিন চাইতে গেলে তিনি তাঁর কাছে আট হাজার টাকা দাবি করেন। আত্মসাৎ করা ওই টিন ফেরত পেতে নুর ইসলাম ২১ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেন।
উপজেলা চেয়ারম্যান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে গত শনিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। নুর ইসলাম বলেন, ‘বিশ্বাস করে টিনগুলো মহিলা মেম্বরের বাড়িতে রাহিলাম। এহন ঘরে টিন দেব। কিন্তু টিন চাতি গেলি মেম্বর আমার কাছে আট হাজার টাহা চাচ্ছে। ওই টিন তিনি নিজের ঘরে লাগাইছেন। মেম্বর এ নিয়ে বাড়াবাড়ি না কত্তি বলেছে।’ রহিমা বেগম বলেন, ‘আমি কোনো টিন আত্মসাৎ করিনি। প্রতিপক্ষ একটি মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে আমার বিরুদ্ধে ভ্যানচালককে দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করিয়েছে।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মাদ রিজিবুল ইসলাম বলেন, ‘উপজেলা চেয়ারম্যান সাহেবের নির্দেশের পর ওই মহিলা সদস্যকে গতকাল রোববার আমার কার্যালয়ে ডেকে আনা হয়। তিনি ত্রাণের কোনো টিন নেননি বলে দাবি করেছেন। আমরা সরেজমিনে তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি দেখতে বলেছি। ঘটনা সত্য হলে অবশ্যই ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’