পরিবহন ধর্মঘট ডেকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সারা দেশে ত্রাস চালিয়েছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। তিনি বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপির কেউ কথা বললে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হতো। কিন্তু শাজাহান খান আদালতের রায়ের বিরুদ্ধে রাজপথে ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশবাসীকে জিম্মি করে রেখেছিলেন। অথচ তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয় না।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন-সংলগ্ন নুর আহমেদ সড়কে অবস্থান কর্মসূচিতে শাহাদাত হোসেন এসব কথা বলেন।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে। নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
শাহাদাত হোসেন বলেন, দেশের মানুষের বাক্স্বাধীনতা নেই, গণতন্ত্র ভূলুণ্ঠিত। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন করে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পরিবহনসহ নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, গ্যাসের অভাবে আবাসিক ও শিল্প খাতের গ্রাহকেরা চরম দুর্দশার শিকার হচ্ছেন। সরকার গ্যাস-সংকটের নিরসন না করে উল্টো গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার জনগণের কথা ভাবে না বলেও মন্তব্য করেন তিনি।
নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান।