ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন নিয়ে আলোচনা শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন স্থাপনের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার সালাহ উদ্দিন নোমান চৌধুরীর বরাত দিয়ে ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উপহাইকমিশনার গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিন দেশের পাইপলাইন স্থাপনের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৫ সালে তিন দেশ গ্যাস পাইপলাইন স্থাপনের বিষয়ে সম্মত হয়েছিল। ওই লাইন দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে গ্যাস সরবরাহের কথা ছিল। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই প্রকল্প বাস্তবায়নে ভারতকে অতিরিক্ত তিনটি শর্ত দেন। ওই শর্তগুলো ভারত প্রত্যাখ্যান করলে বাংলাদেশও ওই প্রকল্প থেকে সরে আসে। পরে ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ওই প্রকল্প অনুমোদন করে। তখন আবার মিয়ানমার ওই প্রকল্পের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করে। কারণ, ইতিমধ্যে চীনে গ্যাস সরবরাহের জন্য ২ হাজার ৩৮৮ কিলোমিটার পাইপলাইন স্থাপনের জন্য বেইজিংয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে মিয়ানমার।
প্রতিবেদনে জানানো হয়, গত ৬ ও ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ওই প্রকল্প পুনর্মূল্যায়ন করা হয়।