ত্রিধাবিভক্ত গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল প্রকট হয়েছে। এ দুটি উপজেলায় বিএনপির নেতা-কর্মীরা ত্রিধাবিভক্ত হয়ে দলীয় কার্যক্রম এবং মাঠ পর্যায়ে প্রচারণা চালাচ্ছেন।সাবেক সাংসদ জহির উদ্দিন ওরফে স্বপন তাঁর অনুগত বিএনপির সাবেক নেতা-কর্মীদের নিয়ে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ব্যানারে গণসংযোগ চালাচ্ছেন। দলীয় নেতা-কর্মী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় কোন্দলের কারণে বরিশালের আগৈলঝাড়া বিএনপির কার্যক্রম প্রায় এক বছর যাবৎ বন্ধ রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় তিনজন নেতার অনুসারীরা পৃথক পৃথকভাবে গণসংযোগসহ দলীয় কার্যক্রম চালাচ্ছেন। সূত্র জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে দলের প্রার্থী আবদুস সোবাহান পরাজিত হন। নির্বাচনের পরে ২০০৯ সালে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সোবাহানের সমর্থক আবদুল লতিফ মোল্লাকে আহ্বায়ক করে আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর কেন্দ্রীয় কমিটির অপর সদস্য আকন কুদ্দুসুর রহমান সমর্থিত নেতা-কর্মীরা দলে কোণঠাসা হয়ে পড়েন। সেই থেকে দলের এই দুটি পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।গত বছরের ৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটি আগৈলঝাড়ায় সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়। গত ১২ সেপ্টেম্বর এসএম আফজাল হোসেনকে সভাপতি ও আবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা বিএনপির কমিটি গঠন করে জেলা বিএনপি। এই কমিটি ঘোষণার পর দুই পক্ষের মধ্যে বিরোধ আরও চাঙা হয়। পরে বিএনপির বরিশাল জেলা উত্তর সভাপতি ও সম্পাদক চিঠি দিয়ে এই কমিটির কার্যক্রম স্থগিত করেন। অপর দিকে নিজ অনুসারীদের নিয়ে পৃথকভাবে দলীয় কার্যক্রম ও গণসংযোগ চালাচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা গাজী কামরুল ইসলাম। আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন বলেন, স্বপন বিএনপির সঙ্গে বেইমানি করেছেন। বিএনপিতে তাঁর কোনো স্থান নেই। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে স্বপনের অনুসারী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সহসভাপতি হান্নান শরীফ বলেন, জহিরউদ্দিন স্বপন বিএনপির নেতা হিসেবেই গণসংযোগ করছেন।স্থানীয় সূত্রগুলো জানায়, গত ৫ অক্টোবর আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাচ্চু হাওলাদার মারা যান। ৭ অক্টোবর জহিরউদ্দিন স্বপন বাচ্চুর বাড়িতে যান। এ সময় স্থানীয় নেতা-কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন। তিনি দৌড়ে একটি মুদিদোকানে আশ্রয় নিলে সেখানে তাঁকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। গৌরনদী উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আবদুল আউয়াল লোকমান জানান, গৌরনদী উপজেলা বিএনপি ত্রিধাবিভক্ত হয়ে কাজ করলেও দলের কমিটিতে সোবাহানের সমর্থকেরা সংখ্যাগরিষ্ঠ। এ ছাড়া প্রতিটি সহযোগী সংগঠনের একাধিক কমিটি রয়েছে। তারা বিভক্ত হয়ে কাজ করেছে। গৌরনদী উপজেলা বিএনপির নেতা সেকেন্দার হোসেন মৃধা, মঞ্জুর হোসেন এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতা কবীর হোসেন তালুকদার বলেন, দলীয় কোন্দল নিরসন না হলে আগামী জাতীয় নির্বাচনে কোনো সুফল আসবে না। তাঁরা কোন্দল নিরসনে পদক্ষেপ গ্রহণের জন্য দলের চেয়ারপারসন ও মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেন।